৯ কোটি টাকার শুল্ক-কর ফাঁকি দিয়েছে জাস এক্সেসরিজ: সিআইআইডি
কাস্টমস গোয়েন্দার ভাষ্য, তাদের পণ্যাগারে ১৯ লাখ ২০ হাজার কেজি কাঁচামাল থাকার কথা ছিল, পাওয়া গেছে ৫ লাখ ৮৫ হাজার কেজি।
চট্টগ্রামের বন্ডেড এক্সেসরিজ কোম্পানি— জাস এক্সেসরিজের ৯ কোটি ১০ লাখ টাকার শুল্ক ও কর ফাঁকির তথ্য পাওয়ার কথা বলেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
গত সেপ্টেম্বরে সেখানে পরিদর্শন ও যাচাই কার্যক্রম চালানো হয় বলে সোমবার অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চট্টগ্রামের পাহাড়তলী এলাকার কোম্পানিটি বন্ডেড সুবিধার আওতায় নানা কাঁচামাল শুল্কমুক্ত সুবিধায় আমদানি করে থাকে।
তবে পরিদর্শনকালে অনুমোদনের বিপরীতে মজুদ কাঁচামালের পরিমাণে ‘বড় ধরনের অসঙ্গতি’ পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন ইউপি অনুযায়ী প্রতিষ্ঠানটির বন্ডেড ওয়্যারহাউসে ১৯ লাখ ২০ হাজার ৮৫৭ কেজি কাঁচামাল থাকার কথা। সরেজমিনে পাওয়া যায় ৫ লাখ ৮৫ হাজার ৫৮১.২ কেজি।
অর্থাৎ, হিসাব অনুযায়ী ১৩ লাখ ৩৫ হাজার কেজি কাঁচামাল বন্ডেড ওয়্যারহাউসে পাওয়া যায়নি।
সর্বশেষ আমদানিকৃত বিল অব এন্ট্রিতে ঘোষিত মূল্য অনুসারে না পাওয়া এসব কাঁচামালের মোট শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ২৪ কোটি ৯৬ লাখ টাকা। সেক্ষেত্রে শুল্ক-করাদির পরিমাণ দাঁড়ায় প্রায় ৯ কোটি ১০ লাখ টাকা।
বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা বিপুল কাঁচামালের এ ধরনের ঘাটতির বিষয়টি সিআইআইডি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
কাঁচামালগুলো অনুমোদিত উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে যথাযথভাবে ব্যবহৃত হয়েছে কি না, নাকি বন্ড সুবিধার অপব্যবহারের মাধ্যমে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, তা ‘অধিকতর যাচাই করা হচ্ছে’ বলেও তথ্য দেয় অধিদপ্তর।
