গেইমের গণ্ডি ছাড়িয়ে নতুন কনটেন্ট অর্থনীতিতে জিটিএ সিক্স
প্রি-অর্ডার ও প্রথম দিনের বিক্রিতে ২ কোটি ৪৫ লাখের বেশি কপি বিক্রি করে ২৩৬ কোটি ডলার আয় করেছে জিটিএ সিক্স।
দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার পর বাজারে এল গ্র্যান্ড থেফট অটো সিক্স বা জিটিএ সিক্স। গেইমটি বিপুল বিক্রির পাশাপাশি খেলার উত্তেজনার পাশাপাশি খেলতে দেখার আগ্রহ ঘিরে লাইভস্ট্রিম, ক্লিপ ও কনটেন্টের চাঙা এক সমান্তরাল অর্থনীতিকে সচল করে তুলেছে।
বিশ্লেষক কোম্পানি ‘সেন্সর টাওয়ার’-এর তথ্য অনুসারে, প্রি-অর্ডার ও প্রথম দিনের বিক্রিতে ২ কোটি ৪৫ লাখের বেশি কপি বিক্রি করে ২৩৬ কোটি ডলার আয় করেছে জিটিএ সিক্স।
অন্যদিকে, বিশ্বজুড়ে জিটিএ ফ্র্যাঞ্চাইজির মোট বিক্রি এখন প্রায় ৪৯ কোটি ৪৫ লাখ কপি ছাড়িয়েছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
তবে গেইমটির নির্মাতা কোম্পানি ‘টেইক-টু ইন্টারঅ্যাকটিভ’ এখনও এর থেকে পাওয়া মুনাফার তথ্য প্রকাশ করেনি।
‘গার্বার কাওয়াসাকি ওয়েলথ অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট’-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী রস গার্বার বলেছেন, টেইক-টুয়ের আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন তিনি; তার কোম্পানির বিনিয়োগ পোর্টফোলিওতেও কোম্পানিটির শেয়ার রয়েছে।
“জিটিএ সিক্স দারুণ উন্মাদনা তৈরি করেছে, যেমনটা আমি আগে কখনো দেখিনি।”
গেইমটিকে ‘কেবল একটি গেইমের চেয়েও বেশি কিছু’ বর্ণনা করে চলচ্চিত্র ও টেলিভিশনে ফ্র্যাঞ্চাইজিটির বিস্তারের সম্ভাবনার কথাও তুলে ধরেছেন রস গার্বার।
তবে এই মুক্তি জিটিএ সিক্স-কেন্দ্রিক বিপুল বৈশ্বিক আগ্রহ ও চাহিদাকে ঘিরে দ্বিতীয় এক অর্থনীতিরও জন্ম দিচ্ছে।
‘স্ট্রিমিং চার্টস’-এর হিসাব অনুসারে, প্রথম ২৪ ঘণ্টায় টুইচ, ইউটিউব ও কিক-এর মতো প্ল্যাটফর্মজুড়ে গেইমটির কনটেন্ট দেখা হয়েছে ১২ কোটি ৫৫ লাখ ঘণ্টা।
ইউটিউব নির্মাতা ড্যারেন ‘আইশোস্পিড’ ওয়াটকিন্স জুনিয়র ৪৪ লাখ ৭০ হাজার ঘণ্টা দর্শক-সময় নিয়ে স্ট্রিমিংয়ে শীর্ষে ছিলেন।
এ ছাড়া, স্ট্রিমার কাই সেনাটের প্রায় ৩৬ ঘণ্টার লঞ্চ ব্রডকাস্টে প্রায় ২০ লাখ ঘণ্টা দেখার তথ্য রেকর্ড করেছে টুইচ ট্র্যাকার ‘কাস্টঅ্যাকর্ড’।
নিজেদের জিটিএ সিক্স কাভারেজের ট্রেইলার দিয়ে আগেই আগ্রহ তৈরি করেছিলেন এই দুই নির্মাতা। ১৯ নভেম্বর পর্যন্ত আইশোস্পিডের ট্রেইলার ইউটিউবে ৩৭ লাখ বার এবং সেনাটের ট্রেইলার ২৭ লাখ বার দেখা হয়েছে।
‘ফোর্বস’-এর তথ্য অনুসারে, সার্বিক কনটেন্ট নির্মাণ ব্যবসা থেকে আইশোস্পিড ও সেনাটের বার্ষিক আয় যথাক্রমে আনুমানিক ৩ কোটি ডলার ও ৮৫ লাখ ডলার।
দর্শকদের এই বাড়তি আগ্রহকে কাজে লাগাতে ফ্র্যাঞ্চাইজির পেছনের স্টুডিও ‘রকস্টার গেইমস’ও উদ্যোগ নিয়েছে।
তারা ২৪ ঘণ্টার লঞ্চ ব্রডকাস্টে ইউটিউবের সঙ্গে অংশীদারত্ব করেছে এবং নির্দিষ্ট কিছু স্ট্রিমে দর্শকদের পাঠানোর জন্য থিমভিত্তিক উপহার চালু করেছে।
‘ক্লিপ’ অর্থনীতি
বাইরের কনটেন্ট নির্মাতা ও কোম্পানিগুলোও গ্র্যান্ড থেফট অটো কনটেন্টের এই বিপুল চাহিদাকে কাজে লাগানোর চেষ্টা করছে।
কাই সেনাটের স্ট্রিমের ভিডিও ক্লিপে দর্শক টানতে পারলে এডিটরদের জন্য ১০ হাজার ডলারের পুরস্কারের তহবিল ঘোষণা করেছে ‘এজেন্সি ক্লিপড অ্যান্ড শিপড’।
এর আওতায় যোগ্য ক্লিপগুলো ইউটিউব শর্টস, টিকটক, ইনস্টাগ্রাম ও এক্সে প্রকাশ করা হচ্ছে।
অন্যদিকে, স্ট্রিমার ক্রিকক্রাফটের ক্লিপের জন্য প্রতি ১ হাজার ভিউয়ে ১ ডলার দেওয়ার আলাদা প্রচারণা চালানো হয়েছে, যেখানে প্রতিটি ক্লিপ সর্বোচ্চ ৪০০ ডলার পর্যন্ত আয় করতে পারবে।
গেইমটি ছোট চ্যানেলগুলোকেও তাদের সাবস্ক্রাইবার সংখ্যার চেয়ে বহুগুণ বড় দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছাতে সাহায্য করেছে।
প্রায় ১ হাজার ২২০ সাবস্ক্রাইবার ও ১২টি ভিডিও আপলোড করা ‘মেদা’ নামের এক চ্যানেলের একটিমাত্র জিটিএ সিক্স ইউটিউব শর্টে ভিউ হয়েছে ১৫ লাখ।
প্রায় ১২ হাজার ১০০ সাবস্ক্রাইবার থাকা ‘স্করপি ভি’ চ্যানেলের চারটি শর্ট মিলে মোট ভিউ হয়েছে প্রায় ৫১ লাখ। বড় দৈর্ঘ্যের ভিডিওগুলোও ভালো সাড়া ফেলেছে।
বিশ্লেষক কোম্পানি ‘রিটার্ব’-এর তথ্য অনুসারে, প্রায় ১ হাজার ১৪০ সাবস্ক্রাইবার থাকা ‘ভাইস সিটি ডিসপ্যাচ’ চ্যানেলের লঞ্চ প্রিভিউ ভিডিওতে প্রায় ৯ লাখ ও এর পরবর্তী ভিডিওতে আরও ২ লাখ ৬৪ হাজার ভিউ হয়েছে।
এই বিপুল দর্শকসংখ্যা কনটেন্ট নির্মাতাদের জন্য হাজার হাজার ডলার আয়ের সুযোগ তৈরি করতে পারে।
‘এআইআর মিডিয়া-টেক’-এর যুক্তরাষ্ট্রভিত্তিক ইউটিউব শর্টস মানদণ্ড অনুসারে, ১৫ লাখ যোগ্য ভিউ থেকে প্রায় ৪৯০ ডলার ও ৫১ লাখ ভিউ থেকে মোটামুটি ১ হাজার ৬৭০ ডলার আয় হতে পারে।
বড় ভিডিওর বেশি আয়ের হার অনুসারে ‘ভাইস সিটি ডিসপ্যাচ’-এর ওই দুটি ভিডিও থেকে প্রায় ৩ হাজার ৮৪০ ডলার আয় হতে পারে। তবে এসব চ্যানেলের প্রকৃত আয় স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।
পাশাপাশি এই কনটেন্ট অর্থনীতি ক্রমেই অটোমেটেড হয়ে উঠছে।
সামাজিক মাধ্যম এক্সে ব্যবহারকারীরা এআই-চালিত ক্লিপিং কার্যক্রমের প্রচারণা চালাচ্ছেন, যা লাইভস্ট্রিমে চ্যাটিং কার্যক্রমের হঠাৎ বেড়ে যাওয়া মুহূর্তগুলো শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে হাইলাইট অংশ কেটে নেয় ও একাধিক অ্যাকাউন্টে ছড়িয়ে দেয়।
এক ব্যবহারকারী দাবি করেছেন, এ ধরনের কার্যক্রম থেকে রাতারাতি ২৭ লাখ ভিউয়ের বিপরীতে ২১ হাজার ডলার আয় হয়েছে, যা প্রতি ১ হাজার ভিউয়ে প্রায় ৭ দশমিক ৭৮ ডলারের সমান।
তবে আয়ের এসব দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। প্রিমিয়াম ব্যবহারকারীদের যোগ্য ইমপ্রেশনের ওপর ভিত্তি করে অর্থ দেয় এক্স, যা সাধারণ ভিউয়ের সংখ্যায় প্রতিফলিত হয় না।
দীর্ঘমেয়াদি সম্ভাবনা
আরও কনটেন্ট ও বাড়তি আয়ের এই চাহিদা হয়ত সবে শুরু হয়েছে।
‘ওয়েডবুশ’-এর বিশ্লেষক অ্যালিসিয়া রিস বলেছেন, গেইমের ভেতরের কেনাকাটা বা ইন-গেইম পারচেজ টেইক-টুয়ের জন্য ‘বছরের পর বছর ধরে উচ্চ মুনাফার নিয়মিত আয়’ এনে দিতে পারে, যা বিনিয়োগকারীরা এখনও পুরোপুরি হিসাবে ধরেননি।
তার প্রত্যাশা, ফ্র্যাঞ্চাইজিটির আগের পর্বের মতোই কনসোলে মুক্তির পর গেইমটির পিসি সংস্করণ ও পরবর্তীতে অনলাইন মাল্টিপ্লেয়ার মোড আসবে।
রকস্টারের মুক্তির ঘোষণায় কেবল প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স ও এসের কথা উল্লেখ করা হয়েছে। সম্ভাব্য পরবর্তী সংস্করণগুলোর কোনো সময়সীমা জানানো হয়নি।
এ ছাড়া ‘গেইম অ্যাওয়ার্ডস’-এ আটটি বিভাগে মনোনয়ন পেয়েছে জিটিএ সিক্স, যার মধ্যে রয়েছে বর্ষসেরা গেইম, সেরা গেইম পরিচালনা, কাহিনি, শিল্প নির্দেশনা, সংগীত, অডিও ডিজাইন, অ্যাকশন/অ্যাডভেঞ্চার ও অভিনয়।
