ভয়েজার ১: মানুষের তৈরি মহাকাশযান প্রথমবার পৌঁছাল এক আলোক-দিবস দূরে
দীর্ঘ ৪৯ বছর ভ্রমণের পর পৃথিবী থেকে প্রায় ২ হাজার ৬০০ কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে ভয়েজার ১। এবং এর যাত্রা এখানেই শেষ হচ্ছে না।
প্রায় পাঁচ দশকের ঐতিহাসিক যাত্রায় নতুন মাইলফলক স্পর্শ করেছে নাসার মহাকাশযান ভয়েজার ১। মহাকাশের অন্তহীন শূন্যতার বুক চিরে এগিয়ে চলা রোবটিক যানটি পৃথিবী থেকে এক আলোক-দিবস দূরত্বে পৌঁছেছে।
আলো ২৪ ঘণ্টায় যতটুকু পথ পাড়ি দেয়, তাকে বলে এক আলোক-দিবস। সেই হিসেবে বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোর ৫টা ১৬ মিনিটে ভয়েজার ১ পৃথিবী থেকে প্রায় ২ হাজার ৬০০ কোটি কিলোমিটার দূরত্বে পৌঁছেছে বলে হিসাব করেছে নাসা।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট লিখেছে, মানুষের তৈরি কোনো মহাকাশযান এই প্রথম পৃথিবী থেকে এক আলোক-দিবস দূরত্ব পেরোনোর মাইলফলক ছুঁল।
মহাশূন্যে বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ যেহেতু আলোর গতিতেই চলাচল করে, সেহেতু এখন এই মহাকাশযানে কোনো নির্দেশ পাঠাতে ২৪ ঘণ্টা এবং সেখান থেকে ফিরতি বার্তা পৃথিবীতে পৌঁছাতে আরও ২৪ ঘণ্টা সময় লাগছে।
এ কারণে মহাকাশযানটি ঠিক কোন সময়ে এক আলোক-দিবস দূরত্বে পৌঁছাল, সে বিষয়ে বৃহস্পতিবার ভয়েজার ১-এর পাঠানো বার্তা হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত হতে পারছে না নাসা।
ভয়েজার মিশনের ব্যবস্থাপক কারিম বদরুদ্দিন বলেছেন, “এমন ঘটনা আগে কখনো ঘটেনি ও ভবিষ্যতেও হয়ত আর কখনো ঘটবে না। ফলে বিষয়টি ঠিক ততটাই অসাধারণ।”
সৌরজগতের পাশাপাশি আন্তঃনাক্ষত্রিক মহাকাশ বা তারামণ্ডলের মধ্যবর্তী অঞ্চল সম্পর্কে গবেষণার জন্য নাসার বিশেষ কর্মসূচির অংশ হিসেবে ১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর মহাকাশে যাত্রা করেছিল ভয়েজার ১।
যমজ মহাকাশযান ভয়েজার ২-এর ১৬ দিন পর ভয়েজার ১ উৎক্ষেপিত হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটা তার যমজ যান ও মানুষের পাঠানো অন্য যে কোনো মহাকাশযানের চেয়ে বেশি পথ পাড়ি দিয়েছে।
ভয়েজার ২-এর অনেক আগেই, ২০১২ সালেই আন্তঃনাক্ষত্রিক মহাকাশে পৌঁছেছিল ভয়েজার ১। দীর্ঘ এই যাত্রাপথে যানটি বেশ কিছু কারিগরি ত্রুটির মুখে পড়েছিল।
এর জেনারেটরে থাকা প্লুটোনিয়ামের পরিমাণ ক্রমান্বয়ে কমে আসার কারণে যানটিকে সচল রাখতে নাসার প্রকৌশলী ও বিজ্ঞানীদের বেশ কিছু ফিচার বন্ধ করে দিতে হয়েছিল।
এরপরও ভয়েজার ১ এখনও মহাশূন্যে টিকে রয়েছে; এর ঐতিহাসিক যাত্রা থমকে যায়নি।
৪০ বছরের বেশি সময় ধরে অবিরাম যাত্রার পর মহাকাশযান ভয়েজার ১ নিয়ে নতুন তথ্যও সামনে আসছে।
দীর্ঘ ৪৯ বছর ২ মাস ১১ দিন ভ্রমণের পর ভয়েজার ১ এখন পৃথিবী থেকে প্রায় ১৭ আলোক-বর্ষ দূরে সপ্তর্ষি মণ্ডলের প্রতিবেশী ‘গ্লিজ ৪৪৫’ নামের একটি তারার দিকে এগিয়ে চলেছে।
মহাকাশের সুবিশাল গভীরতার বিচারে একে খুব বেশি দূরত্ব বলা চলে না। তবে ভয়েজার ১ যদি সেই লক্ষ্যে পৌঁছাতেও পারে, আজকের পৃথিবীর কেউ ততদিন বেঁচে থাকবেন না।
বিজ্ঞানীদের হিসাব ঠিক হলে, ‘গ্লিজ ৪৪৫’ তারার ১.৭ আলোক-বর্ষ দূরত্বের মধ্যে পৌঁছাতে ভয়েজার ১-এর সময় লাগবে প্রায় ৪০ হাজার বছর।
