১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

মস্তিষ্কে সার্জারির পর সবার চেহারায় বিড়াল দেখছেন এই মার্কিনী

বিজ্ঞানের কাছে এ অবস্থা একেবারে অপরিচিত নয়। এ অবস্থায় মানুষ চোখ দিয়ে আগে যা দেখেছে সেই দৃশ্য চোখের সামনে থেকে সরে যাওয়ার পরও মস্তিষ্ক পুরনো দৃশ্যটিকে বারবার দেখতে পায়।

মস্তিষ্কে সার্জারির পর সবার চেহারায় বিড়াল দেখছেন এই মার্কিনী

কার্লের এ সমস্যা ‘প্রসোপোমেটামরফোপসিয়া’ নামে পরিচিত, যেখানে চেহারার বিকৃতি ঘটে। ছবি: গবেষণাপত্র থেকে নেওয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 12:13 PM

Updated : 17 Nov 2026, 12:13 PM

চিকিৎসা বিজ্ঞানে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা বিস্ময়কর ঘটনা। তবে যুক্তরাষ্ট্রের এক যুবকের ক্ষেত্রে যা ঘটেছে তা যে কোনো কল্পকাহিনীকেও হার মানায়।

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর এক বিরল স্নায়বিক সমস্যায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ২৮ বছর বয়সী এক যুবক এখন সারাদিন মানুষের চেহারার মধ্যে নিজের পোষা বিড়ালের মুখ দেখতে পাচ্ছেন। তার ওই পোষা বিড়ালের নাম ‘লুনা’।

কখনও কখনও এর উল্টোটাও ঘটে।

সকালে ঘুম থেকে ওঠার পর কার্ল যদি প্রথমে কোনো মানুষের চেহারা দেখেন তবে তার বৈশিষ্ট্য লুনার মুখে ও পরবর্তীতে তিনি যাদের সঙ্গে দেখা করেন তাদের সবার চেহারায় প্রতিস্থাপিত হয়ে যায় বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট সায়েন্সঅ্যালার্ট।

দুই বছর ধরে এই অস্বস্তিকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন ওই যুবক, যাকে গবেষণাপত্রে কার্ল নামে পরিচয় করিয়েছেন গবেষকরা।

মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটাতে পারে এমন জট পাকানো রক্তনালী, যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘আর্টেরিওভেনাস ম্যালফরমেশন’ নামে পরিচিত তা অপসারণের জন্য অস্ত্রোপচারের পর থেকেই তার এই সমস্যা শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের ‘ডার্টমাউথ কলেজ’ ও ‘ব্রিগহ্যাম অ্যান্ড উইমেন’স হাসপাতালের গবেষকরা ঘটনাটি প্রকাশ করেছেন বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘কর্টেক্স’-এ।

গবেষণাপত্রে গবেষকরা লিখেছেন, “এসব ঘটনা প্রায়ই কয়েক ঘণ্টা ধরে স্থায়ী হয় ও মাঝেমধ্যে সারাদিনই চলতে থাকে।

“বৈশিষ্ট্যের অস্বাভাবিক সংমিশ্রণ ছাড়া এসব চেহারাকে সামঞ্জস্যপূর্ণ বলেই মনে হয়, বিশেষ করে স্থানান্তরিত হওয়া বৈশিষ্ট্যগুলোকে চাপিয়ে দেওয়া মনে হয় না, বরং দেখা চেহারার সঙ্গে মিশে যায় ও দূরত্ব পরিবর্তনের সঙ্গে সঙ্গে তা পরিবর্তিত হতে থাকে।”

বিজ্ঞানের কাছে এ অবস্থা একেবারে অপরিচিত নয়। এই বিশেষ অবস্থার নাম ‘প্যালিনোপসিয়া’, যেখানে মানুষ চোখ দিয়ে আগে যা দেখেছে, যেমন একটি বিড়াল বা কোনো মানুষের মুখ সেই দৃশ্যটি পরবর্তীতে আবারও ফিরে আসে বা চোখের সামনে স্থায়ী হয়ে থাকে।

চোখের সামনে থেকে দৃশ্যটি সরে যাওয়ার পরও মস্তিষ্ক সেই পুরনো দৃশ্যটিকে বারবার দেখতে পায় বা ধরে রাখে। কার্লের এ সমস্যা ‘প্রসোপোমেটামরফোপসিয়া’ নামে পরিচিত, যেখানে চেহারার বিকৃতি ঘটে।

আর চেহারা শনাক্তকরণের বিষয়টি মস্তিষ্কের ডান ‘টেম্পোরাল লোব’-এর ওপর অনেকটা নির্ভরশীল। অস্ত্রোপচারের সময় কার্লের মস্তিষ্কের এই অংশের কিছুটা অপসারণ করতে হয়েছিল।

ডার্টমাউথ কলেজের মনোবিজ্ঞানী ও মস্তিষ্ক বিজ্ঞানী ব্র্যাড ডুচেইন বলেছেন, “মানুষের চেহারায় কার্লের বিড়ালের বৈশিষ্ট্য দেখা ও এর বিপরীত ঘটনায় প্রমাণ মেলে, স্মৃতি থেকে একক বিভিন্ন বৈশিষ্ট্য উঠে আসতে ও আমাদের চলমান উপলব্ধির ওপরও প্রভাব ফেলতে পারে।”

ডুচেইন ও কার্ল একসঙ্গে কাজ করে প্রসোপোমেটামরফোপসিয়া অবস্থাটি কেমন দেখায় তার এক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ছবি তৈরি করেছেন।

গবেষকরা বলছেন, এই ধরনের স্নায়বিক অবস্থা বোঝার ক্ষেত্রে আধুনিক এআই টুলগুলো বড় পদক্ষেপ হতে যাচ্ছে।

কেবল কয়েকটি শব্দ বা বাক্য ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যেই এমন ছবি তৈরি করা সম্ভব ও কারো মনের চোখে ঠিক কী ভেসে উঠছে তার সঙ্গে না মেলা পর্যন্ত সেগুলোকে পরিমার্জন করা যায়।

ডুচেইন বলেছেন, “এআই আমাদের মতো গবেষকদের এমন ব্যক্তিদের চাক্ষুষ অভিজ্ঞতার আরও নিখুঁত ভিজুয়ালাইজেশন তৈরির সক্ষমতা দিয়েছে যখন তারা বিকৃত চাক্ষুষ অনুভূতির মধ্য দিয়ে যান।

“কোনো ব্যক্তি কী অনুভব করছেন তা যদি আপনি জানেন তবে তিনি কী সমস্যার মুখে পড়ছেন তা আরও ভালোভাবে গবেষণা ও নিয়ন্ত্রণের উপায় খুঁজে বের করার চেষ্টা করতে পারবেন। এখন রোগীও সেই ভিজুয়ালাইজেশন তৈরির প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন।”

এই কাহিনীর পেছনে আরও এক অদ্ভুত মোড় রয়েছে। কারণ, এ ধরনের ঘটনা অতীতেও ঘটেছে।

১৯৮৬ সালে ‘কর্টেক্স’-এ প্রকাশ পাওয়া আরেকটি ঘটনায় দেখা যায়, বাসে বসা ৫৮ বছর বয়সি এক নারী এক সহযাত্রীর কুকুর দেখেন। এরপর তিনি যখন অন্য যাত্রীদের দিকে তাকান তখন তাদের সবার মুখই সেই কুকুরের মুখের আদলের মতো মনে হয়েছিল তার।

ঘটনাটির পেছনেও মস্তিষ্কের ক্ষতি হওয়ার ইতিহাস ছিল। তবে ওইবার তা হয়েছিল স্ট্রোকের কারণে। ওই স্ট্রোকের ফলে তিনি পরিচিত মানুষদের এমনকি নিজের অ্যাপার্টমেন্ট চিনতেও সমস্যার মুখে পড়েছিলেন।

কী ঘটছে তা সঠিকভাবে বোঝার কাজ এখনও চলছে।

বিড়াল ও কুকুর উভয় ঘটনা থেকে ইঙ্গিত মেলে, মানুষের মস্তিষ্ক অন্যান্য ভিজুয়াল ইনপুটের তুলনায় মুখমণ্ডলকে আলাদাভাবে প্রক্রিয়াজাত করে। কারণ ক্যানাইন (কুকুর জাতীয়) বা ফেলাইন (বিড়াল জাতীয়) বৈশিষ্ট্যগুলো কেবল মানুষের মুখেই ফুটে উঠেছিল, গাছপালা বা আসবাবপত্রের ওপর নয়।

মানুষের চোখ যা দেখে মস্তিষ্ক কেবল সেটার দিকেই তাকিয়ে থাকে না, বরং একইসঙ্গে এটা অন্যান্য তথ্যও একত্র করে। বিষয়টি আরও ভালোভাবে জানতে আরও গবেষণার প্রয়োজন।

গবেষকরা লিখেছেন, “যেহেতু চাক্ষুষ অনুভূতির অনেক রোগ বোঝার অগ্রগতি রোগীদের দেখা বিষয়গুলো সঠিকভাবে ফুটিয়ে তোলার ওপর নির্ভর করে ফলে আমরা আশা করছি, এ ধরনের অভিজ্ঞতা নথিবদ্ধ করার ক্ষেত্রে ফোটোরিয়ালিস্টিক ভিজুয়ালাইজেশন গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠবে।”

কোনো কাল্পনিক দৃশ্য, ত্রিমাত্রিক মডেল বা কম্পিউটারের সাহায্যে তৈরি কোনো ছবিকে যখন এমনভাবে ফুটিয়ে তোলা হয় যে, দেখে মনে হবে সেটা কোনো ক্যামেরায় তোলা আসল ছবি তখন তাকে ‘ফোটোরিয়ালিস্টিক ভিজুয়ালাইজেশন’ বলে।