১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

ইলেকট্রিক এই চিরুনিটি কাজে লাগবে টেকোদেরই

‘ডিট্যাঙ্গল’ নামের এই ইলেকট্রনিক চিরুনির প্রযুক্তিটি এখন পর্যন্ত কেবল ইঁদুরের ওপর পরীক্ষা করা হয়েছে।

ইলেকট্রিক এই চিরুনিটি কাজে লাগবে টেকোদেরই

পুরুষদের মধ্যে চুল বা টাক পড়ার সমস্যা খুবই সাধারণ বিষয়। ছবি: ম্যাগনিফিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 12:20 PM

Updated : 18 Nov 2026, 12:20 PM

দ্রুত নতুন চুল গজাতে উদ্দীপনা জোগায় ও টাক পড়া রোধ করতে সাহায্য করে এমন এক নতুন ধরনের চিরুনি উদ্ভাবনের দাবি করেছেন চীনা বিজ্ঞানীরা।

গবেষকদের দাবি, ‘ডিট্যাঙ্গল’ নামের এই ইলেকট্রনিক চিরুনিটি চুল পড়া রোধের প্রচলিত বিভিন্ন চিকিৎসার চেয়ে বেশি কার্যকর। তবে এর নকশাটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে লিখেছে, প্রযুক্তিটি এখন পর্যন্ত কেবল ইঁদুরের ওপর পরীক্ষা করা হয়েছে।

তবে ‘বেইহাং ইউনিভার্সিটি অফ বেইজিং’-এর গবেষক দলটি বলেছে, পরীক্ষার ফলাফল বলছে এটা মানুষের ‘অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া’ বা বংশগত কারণে পুরুষদের টাক পড়ার সমস্যা দূর করতেও কাজ করবে।

Image

প্রযুক্তিটি এখন পর্যন্ত কেবল ইঁদুরের ওপর পরীক্ষা করা হয়েছে। ছবি: নেচার কমিউনিকেশনস

‘কম্বিং-ট্রিগারড ইলেকট্রোস্টিমুলেশন সিংক্রোনাইজিং ডিপ ডেলিভারি ফর র‍্যাপিড হেয়ার রিগ্রোথ ইন অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া’ শিরোনামে এ মাসে গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার কমিউনিকেশনস’-এ।

গবেষণায় এ ইলেকট্রনিক চিরুনির বিস্তারিত তথ্য তুলে ধরেছেন গবেষকরা।

গবেষণায় বলা হয়েছে, চুল পড়া রোধের জনপ্রিয় ওষুধ ‘রোগেইন’-এর মূল উপাদান মিনোক্সিডিলের চেয়েও ‘ডিট্যাঙ্গলড’ পদ্ধতিটি কতটা ভালো কাজ করে।

এ ডিট্যাঙ্গলড চিরুনির বৈদ্যুতিক দাঁতগুলোতে ‘আলাদা আলাদা উচ্চতার ইলেকট্রোড ও ওষুধবাহী অণু’ সংযোগ করেছেন গবেষকরা, যা চুলের গোড়ায় বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে।

গবেষকরা বলছেন, “অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়ায় আক্রান্ত ইঁদুরের মডেলে পদ্ধতিটি চুল পুনরুদ্ধারের কার্যকারিতা বাড়িয়ে দেয়। প্রচলিত মিনোক্সিডিল চিকিৎসার তুলনায় এটা এক মাসের মধ্যেই ফলাফল প্রায় ৭০ শতাংশ থেকে বাড়িয়ে প্রায় ১০০ শতাংশে উন্নীত করে।”

পুরুষদের মধ্যে চুল বা টাক পড়ার সমস্যা খুবই সাধারণ বিষয়। জীবনের কোনো না কোনো সময়ে প্রায় ৮০ শতাংশ পুরুষই এই সমস্যার মুখে পড়েন।

এ অবস্থা মানুষের মানসিক স্বাস্থ্য ও জীবনযাত্রার মানের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে প্রচলন থাকার পরও এর চিকিৎসার বিভিন্ন উপায় তুলনামূলকভাবে বেশ সীমিত।

চুল পড়া ধীর করতে ও নতুন চুল গজাতে উৎসাহিত করতে মিনোক্সিডিল কার্যকর হতে পারে। তবে এর ফলাফল একেক জনের ক্ষেত্রে একেক রকম হয়।

দৃশ্যমান কোনো ফলাফল পেতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে ও এর সুফল ধরে রাখতে চিরকাল এই চিকিৎসা চালিয়ে যেতে হয়। এটা মাথার ত্বকে জ্বালাপোড়া তৈরি করতে পারে, আর কিছু ব্যবহারকারী এই চিকিৎসা চলাকালীন মাথাব্যথা বাড়ার কথাও জানিয়েছেন।

আরেকটি জনপ্রিয় ওষুধ ফিনাস্টিড, যা প্রোপেশিয়া নামে বাজারজাত হয়। টাক পড়ার প্রাথমিক পর্যায়ে এটা বেশ কার্যকর প্রমাণিত হয়েছে।

তবে এর সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ‘ইরেক্টাইল ডিসফাংশন’ বা যৌন দুর্বলতা ও বিষণ্নতা।

সাম্প্রতিক বছরগুলোতে ‘হেয়ার ট্রান্সপ্লান্ট’ বা চুল প্রতিস্থাপন পদ্ধতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

মাথার যেসব অংশে চুল পড়ার প্রবণতা থাকে না, যেমন মাথার পেছন ও পাশ থেকে, সেখান থেকে সংগ্রহ করা ফলিকল বা চুলের শিকড় টাক পড়া অংশে প্রতিস্থাপিত হয়।

পদ্ধতিটি কার্যকর হলেও এটা বেশ কষ্টসাধ্য, বেদনাদায়ক ও ব্যয়বহুল। ‘ডিট্যাঙ্গল’ চিরুনিটি মানুষের ওপর কাজ করবে কি না, তার কোনো প্রমাণ এখনও নেই।

তবে ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে মানবদেহে কোনো চিকিৎসার কার্যকারিতা কেমন হতে পারে তার একটি প্রাথমিক ধারণা পাওয়া সম্ভব।

মানুষের ওপর পরীক্ষামূলক প্রয়োগ শুরুর আগে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। এসব ট্রায়ালের উদ্দেশ্য পদ্ধতিটি নিরাপদ ও কার্যকর কি না তা নিশ্চিত করা।