রেফারি নয় হারের দায় নিজেদেরই দিচ্ছেন মরিনিয়ো
তবে সেসার সোতো গ্রাদোর ম্যাচ পরিচালনায় সন্তুষ্ট না হওয়ার কথাও বলেছেন রেয়াল মাদ্রিদ কোচ।
আলাভেসের বিপক্ষে রেয়াল মাদ্রিদের হারের পর অনেকেই কাঠগড়ায় তুলছেন রেফারি সেসার সোতো গ্রাদোকে। তার সমালোচনা করেছেন কোচ জুজে মরিনিয়োও। তবে হারের দায় রেফারিকে নয় তিনি দিচ্ছেন নিজেদেরকেই।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচে ২-১ গোলে হেরেছে রেয়াল। আসরে এটি তাদের তৃতীয় হার।
শেষ কয়েক মিনিট ১০ জন নিয়ে খেলে স্বাগতিকরা। ৮৪তম মিনিটে বক্সের ভেতর প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের চ্যালেঞ্জের মুখে জুড বেলিংহ্যাম পড়ে গেলে পেনাল্টির আবেদন করে রেয়াল এবং রেফারি তাতে সাড়াও দেন। পরে ভিএআরে মনিটরে দেখে তিনি আগের সিদ্ধান্ত পাল্টান এবং ‘ডাইভ’ দেওয়ার জন্য বেলিংহ্যামকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মরিনিয়ো বলেছেন, পেনাল্টি নিয়ে রেফারি নয় নিজের খেলোয়াড়ের কথার উপরই আস্থা রাখছেন তিনি।
“সত্যি বলতে, বেঞ্চ থেকে ট্যাবলেটে পেনাল্টি দেখেছি এবং আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে। তবে জুড বলছে এটা পেনাল্টি। খেলোয়াড় যখন বলে এটা পেনাল্টি, তখন আমাকে ধরে নিতেই হয় যে, এটা পেনাল্টি। আমাকে খেলোয়াড়ের কথা বিশ্বাস করতেই হবে।
“ট্যাবলেটে একঝলক দেখে মনে হয়েছিল পেনাল্টিটা হয়তো একটু বাড়াবাড়ি ছিল। আমার মনে ওই অনুভূতিটা থাকলেও জুডের কথার ওপরও আমার পূর্ণ আস্থা আছে।”
এরপরেই রেফারি সোতো গ্রাদোর সমালোচনা করেন মরিনিয়ো।
“রেফারি দুই মৌসুম আগে (কিলিয়ান) এমবাপকে লাল কার্ড দেখিয়েছে, ভিনিসিউসকে (জুনিয়র) দেখিয়েছে, এবার বেলিংহ্যামকে দেখাল… দেখা যাক আগামীবার (তিবো) কোর্তোয়ার পালা আসে কিনা।
“আমার মনে হয়, এই রেফারি নিজের ক্ষমতা দেখাতে পছন্দ করেন, তিনি যে একজন অসাধারণ রেফারি তা জাহির করতে ভালোবাসেন। তবে আমি এটা বলতে চাই না যে, আমরা রেফারির কারণে হেরেছি। আমি তার পারফরম্যান্সে খুশি নই। তবে আমরা নিজেদের কারণেই হেরেছি, আমার কারণে হেরেছি, কারণ দলের প্রধান আমিই।”
১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রেয়াল। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠেছে আতলেতিকো মাদ্রিদ।
১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে বার্সেলোনা।
