বায়ার্নকে প্রথম হারের স্বাদ দিল লিল
মৌসুমে শুরু থেকেই অধারাবাহিকতায় ভুগছে জার্মান চ্যাম্পিয়নরা, এই হারে তাদের সমস্যা আরও বাড়ল।
পারফরম্যান্সে মন ভরাতে না পারলেও, ম্যাচের শুরুতে এগিয়ে গেল বায়ার্ন মিউনিখ। তবে পারল না ব্যবধান ধরে রাখতে। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জার্মান চ্যাম্পিয়নদের মৌসুমে প্রথম হারের তেতো স্বাদ দিল লিল।
ফরাসি ক্লাবটির মাঠে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ২-১ গোলে হেরে গেছে ভেসোঁ কম্পানির দল। দাইয়ু উপামেকানো সফরকারীদের এগিয়ে নেওয়ার পর, সমতা টানেন আয়াসে উয়েদা। এর একটু পরই আত্মঘাতী গোল করেন আলেকসান্দার পাভলোভিচ।
বল দখলে রাখায় প্রত্যাশিতভাবে আধিপত্য করেছে বায়ার্ন, তবে আক্রমণের বিচারে দুই দলই লড়াই করেছে সমানে। ৬০ শতাংশের বেশি সময় পজেশন রেখে গোলের জন্য ১২ শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে বায়ার্ন। আর লিলের ১৫ শটের তিনটি লক্ষ্যে ছিল।
সময় যত এগিয়েছে, ততই যেন বায়ার্ন শিবিরে চোটাক্রান্ত হ্যারি কেইনের অনুপস্থিতি আরও বেশি অনুভূত হয়েছে।
২০১২-১৩ আসরে গ্রুপ পর্বে দেখা হয়েছিল এই দুই দলের। প্রথম লেগে লিলের মাঠে ১-০ গোলে জয়ের পর, ঘরের মাঠে ৬-১ গোলে জিতেছিল বায়ার্ন। পাল্টা জবাবে এবার স্মরণীয় এক জয়ের আনন্দে ভাসল লিল।
পাঁচ ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে বায়ার্ন। আর আসরে প্রথম জয় পেয়ে ৪ পয়েন্ট নিয়ে ২৯ নম্বরে উঠেছে লিল।
চতুর্দশ মিনিটে ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগেই এগিয়ে যেতে পারতো বায়ার্ন, তবে আলেকসান্দার পাভলোভিচের জোরাল শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রুখে দেন গোলরক্ষক।
ওই কর্নারেই অবশ্য গোল পেয়ে যায় সফরকারীরা। ২১ বছর বয়সি মিডফিল্ডার টম বিশফের কর্নারে কাছ থেকে হেডে দলকে এগিয়ে নেন ফরাসি ডিফেন্ডার দাইয়ু উপামেকানো।
বিরতির পর পুনরায় খেলা শুরুর প্রথম মিনিটে আত্মঘাতী হতে বসেছিল বায়ার্ন। দলকে বিপদমুক্ত করতে হেড করেন উপামেকানো, কিন্তু বল গড়িয়ে গোললাইন পেরিয়ে যায়। তবে ভাগ্য ভালো তাদের; গোলমুখে জটলার মধ্যে বল আটকানোর চেষ্টা করা কিমিখকে ফাউল করে বসেন উয়েদা, ভিএআরের সাহায্যে গোল দেননি রেফারি।
তবে ৬১তম মিনিটে আর জাল অক্ষত রাখতে পারেনি বায়ার্ন। বেশ গোছানো একটি আক্রমণে সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে, নিখুঁত কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন জাপানিজ স্ট্রাইকার আয়াসে উয়েদা।
গোল হজমের ধাক্কা সামলে নেওয়ার আগেই পিছিয়ে পড়ে বায়ার্ন।
তাদের একটি দুর্বল ফ্রি কিক রুখেই সঙ্গে সঙ্গে গোলরক্ষক ওজের বল বাড়িয়ে দেন অধিনায়ক আন্দ্রেকে, তিনি দারুণ ক্ষিপ্রতায় থ্রু বল বাড়ান এতান এমবাপেকে। দারুণ ক্ষিপ্রতায় সবাইকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে শট নেন রেয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপের ছোট ভাই, বল গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্টে বাধা পায়। কিন্তু ফিরতি বল ক্লিয়ার করতে গিয়ে জালে পাঠিয়ে দেন পাভলোভিচ।
ওই ব্যবধান ঘুচিয়ে দেওয়ার মতো আর তেমন কিছুই করতে পারেনি বায়ার্ন। উল্টো ৮৬তম মিনিটে ব্যবধান বাড়ানোর নিশ্চিত সুযোগ পেয়েও, দারুণ পজিশন থেকে ভলি লক্ষ্যে রাখতে পারেননি দিয়াউনে।
বুন্ডেসলিগায় শিরোপা ধরে রাখার অভিযানে আগেই শীর্ষস্থান হারিয়েছে বায়ার্ন। এবার চ্যাম্পিয়ন্স লিগে এই হারে সরাসরি নকআউট পরে ওঠার পথটা আরও কঠিন হয়ে পড়ল তাদের।
