জাতীয় দলে ভিনিসিউসের প্রথম হ্যাটট্রিক
ক্যারিয়ারে অনন্য এই স্বাদ পেতে ১২ মিনিট সময় নেন ব্রাজিলিয়ান তারকা।
জাতীয় দলের হয়ে আগে যা কখনও করতে পারেননি, এবার তাই করলেন ভিনিসিউস জুনিয়র। ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সিতে পেলেন প্রথম হ্যাটট্রিকের স্বাদ।
সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার প্রীতি ম্যাচে প্রথম ২১ মিনিটের মধ্যেই গোল তিনটি করেন তারকা ফরোয়ার্ড।
তিন দিন আগে এই মাঠেই দুই গোলে পিছিয়ে পড়া দলকে চমৎকার দুটি গোলে সমতায় ফেরান ভিনিসিউস, কিন্তু শেষদিকে আবার গোল খেয়ে জাপানের বিপক্ষে হেরে বসে তারা। সেই ধাক্কা সামলে এবার শুরুতেই দলকে চালকের আসনে বসান রেয়াল মাদ্রিদ তারকা।
প্রথম গোলটি তিনি করেন নবম মিনিটে। ব্রুনো গিমারাইসের পাস বক্সে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে, কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন ভিনিসিউস।
ছয় মিনিট পরই আসে দ্বিতীয় গোল, এন্দ্রিক ও ভিনিসিউসের দারুণ বোঝাপড়ায়। মাঝমাঠের আগে তরুণ সতীর্থকে থ্রু বল বাড়িয়ে একই গতিতে ছুটতে থাকেন ভিনিসিউস, এরপর ডি-বক্সে ফিরতি পাস পেয়ে অনায়াসে ফাঁকা জালে গোলটি করেন তিনি। এদ্রিককে আটকাতে আগেই সেদিকে এগিয়ে যান গোলরক্ষক।
তুলনামূলক সবচেয়ে সহজ গোলটি দিয়ে হ্যাটট্রিক পূরণ করেন ভিনিসিউস। ডান দিক দিয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে পড়া এস্তেভোঁকে আটকাতে সেদিকে একটু এগিয়ে যান গোলরক্ষক, সেই সুযোগে বাইলাইন থেকে কাটব্যাক করেন চেলসি উইঙ্গার, এবং আলতো টোকায় ফাঁকা জালে বল ঠেলে দেন ভিনিসিউস।
১২ মিনিটে তিন গোল করে জাতীয় দল ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিকের আনন্দে ভাসেন ভিনিসিউস।
আন্তর্জাতিক ফুটবলে ৫৯ ম্যাচে ভিনিসিউসের গোল হলো ১৯টি। এর ১০টিই তিনি করলেন গত বিশ্বকাপ থেকে, ১০ ম্যাচে।
