রেহমাত শাহর ইতিহাস
আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিং এমন কিছু করলেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে রেহমাত শাহর সেঞ্চুরির ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। এই সংস্করণের ব্যাটসম্যানদের তালিকায় সেরা দশে ঢুকে ইতিহাস গড়েছেন আফগানিস্তান অধিনায়ক।
পুরুষ ক্রিকেটার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। টেস্ট ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের তিন বিভাগ মিলিয়েই শীর্ষ দশে জায়গা করে নেওয়া আফগানিস্তানের প্রথম ক্রিকেটার রেহমাত।
শারজাহতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৭৩ রান করে রেহমাত। একটি ছক্কা ও ১৪টি চারে ৩৪৭ বলের ইনিংসটি সাজান তিনি। এই পারফরম্যান্সে ব্যাটসম্যানদের তালিকায় ছয় ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
রান উৎসবের ম্যাচটিতে সেঞ্চুরি করেছেন আফগানিস্তানের সেদিকউল্লাহ আটাল ও রাহমানউল্লাহও। ১০৫ রানের ইনিংস খেলে ১৪ ধাপ এগিয়ে ৮১তম স্থানে আছেন ওপেনার আটাল। অভিষিক্ত রাহমানউল্লাহর অবস্থান ৮৩তম।
র্যাঙ্কিংয়ে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদেরও উন্নতি হয়েছে। টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে একই ম্যাচের দুই ইনিংসেই ৫০০ রানের বেশি করার কীর্তি গড়েছে তারা। যেখানে বড় ভুমিকা রেখেছেন ক্রেইগ আরভাইন, ব্রেন্ডান টেইলর, ব্রায়ান বেনেট।
৪১ বছর ৮৪ দিন বয়সে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন আরভাইন। প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে তৃতীয় বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার হিসেবে দ্বিশতক করেন তিনি। এতে র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে আছেন ৪৮ নম্বরে।
দুই ইনিংসে ১২৮ ও ৫৮ রান করা বেনেট ১০ ধাপ এগিয়ে ৭৫ নম্বরে উঠেছেন। আর ১৩১ ও ৮২ রানের ইনিংস খেলা টেইলর ২৯ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ১০৩ নম্বরে। প্রথম টেস্ট সেঞ্চুরিতে প্রথমবারের মতো সেরা একশ জনের মধ্যে ঢুকেছেন ওয়েসলি মাধেভেরে, আছেন ৯৯তম স্থানে।
টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই সবার উপরে ইংল্যান্ডের হ্যারি ব্রুক। বোলার তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। আর অলরাউন্ডারদের মধ্যে চূড়ায় দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন।
বোলারদের র্যাঙ্কিংয়ে জিম্বাবুয়ের নিউম্যান নিয়ামুরি ১০ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৭৫তম স্থানে আছেন। শারজাহতে একমাত্র ইনিংসে পাঁচ উইকেট নেন এই পেসার।
