রাহমানউল্লাহ ও আটালের সেঞ্চুরি, দুয়ারে রেহমাত
শারজাহ টেস্টে জিম্বাবুয়ের পাঁচশ ছাড়ানো সংগ্রহের জবাব বেশ ভালোভাবেই দিচ্ছে আফগানিস্তান।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের উপলক্ষ চমৎকার এক সেঞ্চুরিতে স্মরণীয় করে রাখলেন রাহমানউল্লাহ। তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন সেদিকউল্লাহ আটালও। শতকের দুয়ারে দাঁড়িয়ে এখন রেহমাত শাহ।
তাদের নৈপুণ্যে জিম্বাবুয়ের রান পাহাড়ের জবাবটা দারুণভাবে দিচ্ছে আফগানিস্তান। শারজাহ টেস্টে শনিবার তৃতীয় দিন শেষে আফগানদের রান ৭ উইকেটে ৪০২। জিম্বাবুয়ের চেয়ে এখনও ১০২ রানে পিছিয়ে আছে তারা।
ক্যারিয়ারের প্রথম টেস্ট ইনিংসে ১১৩ রান করেছেন রাহমানউল্লাহ। একটি ছক্কা ও ১২টি চারে ১৮৮ বলের ইনিংসটি সাজিয়েছেন ২৩ বছর বয়সি ব্যাটসম্যান। আফগানিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে সেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটার তিনি।
আফগানদের হয়ে নিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করেন ইসমাত আলাম। আর ওয়ানডে অভিষেকে দলটির হয়ে শতকের স্বাদ পান রাহমানউল্লাহ গুরবাজ।
ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে ১০৫ রান করেন আটাল। ২১৩ বলের ইনিংস তিনটি ছক্কা ও ছয়টি চার মারেন তিনি। রাহমানউল্লাহর সঙ্গে ২০৬ রানের জুটি গড়েন বাঁহাতি ওপেনার। টেস্টে দ্বিতীয় উইকেটে এই প্রথম দুইশ ছোঁয়া যুগলবন্দি পেল আফগানিস্তান।
অধিনায়ক রেহমাত ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরির সুবাস পাচ্ছেন। একটি ছক্কা ও আটটি চারে ৯৪ রানে অপরাজিত আছেন তিনি।
আগের দিন পঞ্চাশ ছুঁয়ে অপরাজিত ছিলেন আটাল ও রাহমানউল্লাহ। দারুণ ব্যাটিংয়ে দিনের প্রথম ঘণ্টার চ্যালেঞ্জ কাটিয়ে দেন টপ অর্ডার এই দুই ব্যাটসম্যান। সমান গতিতে রান বাড়িতে পরপর দুই ওভারে সেঞ্চুরিতে পা রাখেন তারা।
ব্লেসিং মুজারাবানিকে চার মেরে কাঙ্ক্ষিত তিন অঙ্কে পা রাখেন রাহমানউল্লাহ, ১৫৫ বলে। আর ওয়েসলি মাধেভেরেকে চার হাঁকিয়ে ১৯৭ বলে সেঞ্চুরি স্পর্শ করেন আটাল।
দ্বিতীয় সেশনের দ্বিতীয় ওভারে আটালকে কট বিহাইন্ড করে ৩৬৪ বল স্থায়ী বন্ধন ভাঙেন গ্রায়েম ক্রিমার। শতকের পর ইনিংস বেশিদূর টানতে পারেননি রাহমানউল্লাহও। মাধেভেরের সরাসরি থ্রোয়ে রান আউটে কাটা পড়েন তিনি।
দ্রুত আরও দুই উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। একপর্যায়ে ২ উইকেটে ২৫১ থেকে তাদের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ২৭৫। ইকরাম আলিখিলকে নিয়ে সেই ধাক্কা সামাল দিয়ে দলের রান চারশর কাছে নিয়ে যান রেহমাত।
পাঁচটি চারে ৪০ রান করে ফেরেন আলিখিল। কাইস আহমাদও কিছুক্ষণ সঙ্গ দেন রেহমাতকে। এই লেগ স্পিনার করেন পাঁচটি চারে ২৭। তিনি বিদায় নেওয়ার দুই ওভার পর দিনের খেলার ইতি টেনে দেন আম্পায়াররা।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে):
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৫০৪
আফগানিস্তান ১ম ইনিংস: ১২৫ ওভারে ৪০২/৭ (আগের দিন ১১৩/১) (আটাল ১০৫, রাহমানউল্লাহ ১১৩, রেহমাত ৯৪*, শাহিদি ৬, শাহিদউল্লাহ ০, আলিখিল ৪০, কাইস ২৭, জিয়া ০*; মুজারাবানি ২৬-৭-৭৩-০, নিয়ামুরি ২৩-৬-৬২-৪, মাধেভেরে ১২-২-৩৩-০, ক্রিমার ৪১-৩-১৪৫-২, নাকভি ১৮-০-৫৮-০, বেনেট ৫-০-১৮-০)
