০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

টেইলরের পর বেনেটের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের রান-পাহাড়

সেদিকউল্লাহ আটাল ও রাহমানউল্লাহর অপরাজিত ফিফটিতে ভালো শুরু পেয়েছে আফগানিস্তান।

টেইলরের পর বেনেটের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের রান-পাহাড়

জিম্বাবুয়ের অধিনায়ক ব্রায়ান বেনেট। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Nov 2026, 08:55 PM

Updated : 06 Nov 2026, 08:55 PM

আগের দিনের পঞ্চাশ ছোঁয়া ইনিংসকে পূর্ণতা দিলেন ব্রায়ান বেনেট। অভিজ্ঞ ব্রেন্ডান টেইলরের পর সেঞ্চুরি উপহার দিলেন তিনিও। সঙ্গে বাকিদের অবদানে বিশাল সংগ্রহ গড়ল জিম্বাবুয়ে।

জবাবে সেদিকউল্লাহ আটাল ও রাহমানউল্লাহর অপরাজিত ফিফটিতে ভালো শুরু পেয়েছে আফগানিস্তান।

শারজাহ টেস্টে শুক্রবার জিম্বাবুয়ের প্রথম ইনিংস থেমেছে ৫০৪ রানে। ১ উইকেটে ১১৩ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে আফগানিস্তান। ৩৯১ রানে পিছিয়ে আছে তারা।

প্রথম দিন ১৩১ রান করেন ৪০ বছর বয়সি টেইলর। দ্বিতীয় দিন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরিতে ১২৮ রান করেন বেনেট। ২০৬ বলে ইনিংসে ১১ চার মারেন জিম্বাবুয়ে অধিনায়ক। ওয়েসলি মাধেভেরের ব্যাট থেকে আসে ৫৪ রান।

এক সেশনের একটু বেশি সময় ব্যাটিং করে দুটি ছক্কা ও তিনটি চারে ৫৫ রানে খেলছেন আটাল। অভিষিক্ত রাহমানউল্লাহ ৭ চারে ৫০ রানে অপরাজিত আছেন।

৫ উইকেটে ৩২৬ রান নিয়ে নতুন দিন শুরু করে জিম্বাবুয়ে। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান বেনেট ও মাধেভেরের ব্যাটে চারশর কাছে পৌঁছে যায় তাদের রান।

২৯ রান নিয়ে খেলতে নামা মাধেভেরে ৬৫ বলে ফিফটি স্পর্শ করেন। কিছুক্ষণ পর তাকে বিদায় করে ৯৬ রানের জুটি ভাঙেন জিয়াউর রাহমান। এই পেসারের পরের ওভারে চার মেরে সেঞ্চুরিতে পা রাখেন বেনেট, ১৭৮ বলে। নামের পাশে ৭১ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিলেন তিনি।

দ্বিতীয় সেশনের শুরুর দিকে বাজে বেনেটের বিদায় ঘণ্টা। ধৈর্য হারিয়ে কায়েস আহমাদের বলে স্লগ শট খেলে উইকেট দিয়ে আসেন তিনি। তাতে ভাঙে সিগার সঙ্গে তার ৫৪ রানের যুগলবন্দি।

আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে রান বাড়াতে থাকেন সিগা ও গ্রায়েম ক্রিমার। লেগ স্পিনার কায়েস ফিফটির আগে ফিরিয়ে দেন সিগাকে। একটি ছক্কা ও পাঁচটি চারে ৪৪ রান করেন তিনি। চারটি চারে ৩৪ রান করে অপরাজিত থাকেন ক্রিমার।

দ্বিতীয় সেশনের শেষ দিকে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান শিবিরে শুরুতে ছোবল হানেন নিউম্যান নিয়ামুরি। এই পেসারের বলে ইনিংসের ষষ্ঠ ওভারে কট বিহাইন্ড হয়ে যান আব্দুল মালিক।

এরপর দিনের বাকিটা নিরাপদে কাটিয়ে দেন আটাল ও রাহমানউল্লাহ। ৭৮ বলে পঞ্চাশ স্পর্শ করেন রাহমানউল্লাহ। আটালের ফিফটি আসে ১০১ বলে।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১৩৪.৩ ওভারে ৫০৪ (আগের দিন ৩২৬/৫) (বেনেট ১২৮, মাধেভেরে ৫৪, সিগা ৪৪, ক্রিমার ৩৪*, নিয়ামুরি ৮, মুজারাবানি ৫; সালিম ২৭.৩-৬-৮২-৩, জিয়াউর ২০-৩-৭৯-১, জিয়া ৪৬-৭-১৭০-২, কাইস ২৭-২-১২০-৩, শাহিদউল্লাহ ২-০-১১-০, শাহিদি ১২-২-৩১-১)

আফগানিস্তান ১ম ইনিংস: ৩৫ ওভারে ১১৩/১ (আটাল ৫৫*, মালিক ২, রাহমানউল্লাহ ৫০*; মুজারাবানি ৯-১-২৯-০, নিয়ামুরি ৭-৩-১০-১, মাধেভেরে ৪-১-১২-০, ক্রিমার ১০-১-৪১-০, নাকভি ৫-০-১৬-০)