যে গ্রামে গাছ না কাটলেও অর্থ মেলে
গাছ কেটে বিক্রি করলে অর্থ পাওয়া যায়, বাঁচিয়ে রাখলে কী?
চীনের ফুচিয়ান প্রদেশের সানমিং শহরের পাহাড়ি পথ ধরে এবং প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম চিয়াংলা কাউন্টির গাওথাং টাউনের ছাংকৌ গ্রামে। চীনের অনেক গ্রামেই যাওয়ার সুযোগ হয়েছে আমার। তবে এই গ্রামে আসার আগ্রহ ছিল একটু ভিন্ন কারণে।
শুনেছিলাম, এখানকার মানুষ গাছ না কেটেও বন থেকে অর্থ উপার্জন করছেন। এমনকি বনের গাছ বাতাস থেকে যে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে, সেটিও তাদের আয়ের উৎস হয়ে উঠেছে। বিষয়টি নিজের চোখে দেখতে এবং এর পেছনের গল্প জানতে ছাংকৌ গ্রামে আমার এই ভ্রমণ।
গ্রামে প্রবেশ করতেই চারপাশের সবুজ প্রকৃতি মন কেড়ে নিল। পাহাড়ের কোলে গড়ে ওঠা ছিমছাম গ্রামটির সঙ্গে প্রকৃতির যেন এক নিবিড় সম্পর্ক। পাহাড়, বনভূমি, কৃষিজমি আর মানুষের বসতি মিলেমিশে তৈরি করেছে এক সুন্দর গ্রামীণ পরিবেশ। শহরের ব্যস্ত জীবন থেকে দূরে এমন একটি জায়গায় এলে মনের মধ্যে অন্য রকম প্রশান্তি কাজ করে। বাংলাদেশের পাহাড়ি অঞ্চল ও সবুজে ঘেরা গ্রামগুলোর কথাও মনে পড়ছিল। ভৌগোলিক দূরত্ব অনেক হলেও প্রকৃতির সঙ্গে গ্রামীণ মানুষের সম্পর্কের মধ্যে কত মিল!
ছাংকৌ চীনের একটি আদর্শ পরিবেশবান্ধব গ্রাম। গ্রামীণ পুনরুজ্জীবন ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের সমন্বয়ে গ্রামটি গড়ে তুলেছে নিজস্ব পরিচয়। এখানকার মোট এলাকার ৯২ দশমিক ৮ শতাংশই বনাচ্ছাদিত। অর্থাৎ গ্রামের প্রায় পুরোটা জুড়েই রয়েছে সবুজের বিস্তার। চারপাশের পাহাড়ের দিকে তাকালে এই পরিসংখ্যানের সত্যতা যেন চোখের সামনেই ফুটে ওঠে। তবে আজকের এই সবুজ ছাংকৌ একদিনে গড়ে ওঠেনি। এর পেছনে রয়েছে কয়েক দশকের প্রচেষ্টা, স্থানীয় মানুষের পরিশ্রম এবং প্রকৃতিকে ভালোবেসে আগলে রাখার গল্প।
গ্রামটির ইতিহাস জানতে গিয়ে ফিরে যেতে হলো ১৯৯৭ সালের ১১ এপ্রিলের এক বিশেষ দিনে। সেদিন বর্তমান চীনা প্রেসিডেন্ট শি চিনপিং ছাংকৌ গ্রাম পরিদর্শনে এসেছিলেন। সেসময় তিনি ফুচিয়ান প্রদেশের উপদলীয় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গ্রামটির স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, “স্বচ্ছ জলরাশি ও সবুজ পাহাড় অমূল্য সম্পদ।” তিনি পাহাড়ি ভূমির উন্নয়ন এবং পাহাড়, জলসম্পদ ও কৃষিজমির যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছিলেন।
প্রায় তিন দশক আগের সেই কথাটি আজও ছাংকৌ গ্রামের উন্নয়নযাত্রার সঙ্গে জড়িয়ে আছে। পরবর্তী সময়ে গ্রামের মানুষ বনভূমি সংরক্ষণে আরও মনোযোগী হন। নিয়মিত পাহাড়ে টহল দেওয়া, গাছপালা রক্ষা করা এবং প্রাকৃতিক পরিবেশের যত্ন নেওয়া তাদের দৈনন্দিন দায়িত্বের অংশ হয়ে ওঠে। বছরের পর বছর ধরে তাদের এই প্রচেষ্টায় পাহাড়গুলো আরও সবুজ হয়েছে। কিন্তু এত বিশাল বনসম্পদ থাকা সত্ত্বেও দীর্ঘদিন তা থেকে সরাসরি আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ ছিল সীমিত।
গ্রামের সবুজ পাহাড়গুলোর দিকে তাকিয়ে আমার মনে একটি প্রশ্ন জাগছিল, একটি গাছ কেটে বিক্রি করলে তার দাম পাওয়া যায়, কিন্তু সেই গাছটি বাঁচিয়ে রাখলে কি কোনো অর্থ পাওয়া সম্ভব? ছাংকৌ গ্রামে এসে এই প্রশ্নের চমৎকার এক উত্তর পেলাম।
গ্রামটির সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর একটি হলো চীনের প্রথম বনজ কার্বন ক্রেডিট সনদ। চীনা ভাষায় একে বলা হয় ‘লিনইয়ে থান ফিয়াও’। সাধারণ একটি কাগজের সনদ, অথচ এর সঙ্গে জড়িয়ে আছে একটি গ্রামের পরিবর্তনের ইতিহাস। সনদটির ক্রমিক নম্বর ০০০০০০১। নম্বরটিই বলে দেয়, চীনে এ ধরনের উদ্যোগের ইতিহাসে ছাংকৌ গ্রামের অবস্থান কোথায়।
২০২১ সালের ১৮ মে স্থানীয় বন প্রশাসনের কাছ থেকে ছাংকৌ গ্রাম চীনের প্রথম বনজ কার্বন ক্রেডিট সনদ লাভ করে। গ্রামের ৩ হাজার ১৯৭ মু বা প্রায় ২১৩ হেক্টর বনভূমিকে এই সনদের আওতায় আনা হয়। একটি স্বাধীন মূল্যায়নকারী প্রতিষ্ঠান হিসাব করে দেখেছে, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত পাঁচ বছরে এই বনভূমি বাতাস থেকে ১২ হাজার ৭২৩ মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড শোষণ করেছে।
কিন্তু বাতাস থেকে কার্বন শোষণের সঙ্গে অর্থ উপার্জনের সম্পর্ক কী? বিষয়টি বুঝতে গিয়ে জানলাম, বনজ কার্বন ক্রেডিট সনদ মূলত বনভূমি ও গাছপালার কার্বন শোষণক্ষমতা থেকে আর্থিক সুবিধা পাওয়ার অধিকারের একটি স্বীকৃতিপত্র। একে বনের কার্বন শোষণক্ষমতার পরিচয়পত্রও বলা যায়। নির্দিষ্ট পদ্ধতিতে হিসাব করা কার্বনের পরিমাণ এই সনদের মাধ্যমে বাজারে লেনদেন করা যায়।
ছাংকৌ গ্রামের প্রথম কার্বন ক্রেডিটটি প্রায় ১ লাখ ৪০ হাজার ইউয়ানে বিক্রি হয়েছিল। সবচেয়ে আনন্দের বিষয় হলো, বিক্রির অর্থ গ্রামবাসীর মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণ করা হয়। গ্রামের প্রত্যেক বাসিন্দা পেয়েছিলেন ১৫০ ইউয়ান করে।
অর্থের পরিমাণ খুব বেশি নয়। তবে গ্রামের মানুষের কাছে এই অর্থ পাওয়ার আনন্দ ছিল অন্যরকম। এতদিন তারা যে গাছগুলোকে যত্ন করে বড় করেছেন, যে পাহাড়গুলোকে দিনের পর দিন পাহারা দিয়েছেন, সেই গাছ ও পাহাড়ই এবার তাদের হাতে অর্থ তুলে দিয়েছে। কোনো গাছ কাটতে হয়নি, বনভূমিরও কোনো ক্ষতি হয়নি।
গ্রামের মানুষের জীবনসংক্রান্ত দুটি গল্প আমাকে আকৃষ্ট করেছে। প্রথমটি সুন গুইইং নামের এক গ্রামবাসীর। তার পরিবারে পাঁচজন সদস্য। বনজ কার্বন ক্রেডিট বিক্রির প্রথম লভ্যাংশ বিতরণের সময় তার পরিবার পেয়েছিল ৭৫০ ইউয়ান। একটি পরিবারের কাছে নিজেদের সংরক্ষিত বন থেকে এভাবে অর্থ পাওয়ার অভিজ্ঞতা নিশ্চয়ই স্মরণীয়।
অন্য গল্পটি ঝাং মেইলিং নামের এক তরুণীর। বাগদানের সময় বাবার কাছ থেকে তিনি পেয়েছিলেন এক ব্যতিক্রমী উপহার, একটি বনজ কার্বন সনদ। এই সনদ কেবল মেয়ের প্রতি বাবার ভালোবাসা ও আন্তরিক আশীর্বাদের প্রতীক নয়, বরং প্রকৃতির সম্পদ ও তার মূল্য সম্পর্কে মানুষের বদলে যাওয়া দৃষ্টিভঙ্গিরও এক অনন্য দৃষ্টান্ত। সনদটির প্রতি নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেছিলেন, “এটি আমার সবচেয়ে মূল্যবান উপহার।”
তার এই কথাটি আমাকে স্পর্শ করেছে। সাধারণত বিয়ের উপহার বলতে আমরা স্বর্ণালংকার, পোশাক কিংবা মূল্যবান সামগ্রীর কথা ভাবি। অথচ ছাংকৌ গ্রামের একজন তরুণীর কাছে একটি বনজ কার্বন সনদ হয়ে উঠেছে সবচেয়ে মূল্যবান উপহার। এই ছোট্ট কাগজটির সঙ্গে জড়িয়ে আছে তার জন্মভূমি, গ্রামের সবুজ পাহাড় এবং ভবিষ্যতের প্রতি আস্থা। একটি গ্রামের গল্প যে এভাবেও মানুষের ব্যক্তিগত জীবনের অংশ হয়ে উঠতে পারে, তা এখানে না এলে হয়তো এতটা অনুভব করতে পারতাম না।
ছাংকৌ গ্রামের অতীত ও বর্তমানের অর্থনৈতিক চিত্রও বেশ চমকপ্রদ। ১৯৯৭ সালে গ্রামের সমষ্টিগত বার্ষিক আয় ছিল মাত্র ৩০ হাজার ইউয়ান। ২০২৫ সালে সেই আয় বেড়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ১০ হাজার ইউয়ানে, যা ১৯৯৭ সালের তুলনায় প্রায় ৮৭ গুণ। গ্রামবাসীর মাথাপিছু ব্যয়যোগ্য আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অবশ্য এই পরিবর্তনের পুরোটা শুধু কার্বন ক্রেডিট থেকে আসেনি। বনসম্পদকেন্দ্রিক বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড এবং দীর্ঘদিনের গ্রামীণ উন্নয়ন প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছে এই নতুন আয়ের উৎস।
ছাংকৌ ঘুরতে ঘুরতে ভাবছিলাম, এখানকার মানুষ কত বছর ধরে এই পরিবর্তনের জন্য অপেক্ষা করেছেন। একটি গাছ বড় হতে যেমন সময় লাগে, তেমনি একটি গ্রামের উন্নয়নের গল্প তৈরি হতেও প্রয়োজন হয় দীর্ঘ সময়। আজ যে সবুজ পাহাড় দেখে আমরা মুগ্ধ হচ্ছি, তার পেছনে রয়েছে বহু মানুষের শ্রম ও ধৈর্য।
ছাংকৌ থেকে শুরু হওয়া বনজ কার্বন সনদের গল্প এখন আর এই ছোট্ট গ্রামের মধ্যে সীমাবদ্ধ নেই। ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত সানমিং শহরে এ ধরনের ৭৪টি প্রকল্প চালু হয়েছে। এসব প্রকল্পের আওতায় প্রায় ১৩ লাখ ৯০ হাজার মেট্রিক টন কার্বন নিঃসরণ হ্রাসের সনদ দেওয়া হয়েছে। ফুচিয়ানের বাইরেও হুনান, আনহুই, হুপেই, কুইচৌ, কানসু ও কুয়াংশিসহ চীনের বিভিন্ন অঞ্চলে অনুরূপ উদ্যোগ ছড়িয়ে পড়েছে।
চীনে দীর্ঘদিন ধরে বনভূমি সম্প্রসারণ ও প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধারের কাজ চলছে। ২০২৬ সালের মার্চে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশটির মোট বনভূমির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৪ কোটি ১০ লাখ হেক্টরে। জাতীয় বনাচ্ছাদনের হার পৌঁছেছে ২৫ দশমিক ০৯ শতাংশে। শুধু ২০২৫ সালেই দেশটিতে প্রায় ৮৪ লাখ ৯০ হাজার হেক্টর এলাকায় বনায়ন ও অবক্ষয়িত তৃণভূমি পুনরুদ্ধারের কাজ সম্পন্ন হয়েছে।
২০৩০ সালের আগে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া এবং ২০৬০ সালের আগে কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে চীন। ছাংকৌয়ের মতো ছোট ছোট গ্রামের সবুজ পাহাড়ও সেই বৃহৎ যাত্রার অংশ। ছাংকৌয়ের মানুষের গল্প শুনতে শুনতে কল্পনা করছিলাম, আমাদের দেশের বননির্ভর জনগোষ্ঠীর জীবনেও যদি এমন আনন্দের গল্প তৈরি হয়, তবে কেমন হবে!
ছাংকৌ ছেড়ে ফেরার সময় আবারও পাহাড়গুলোর দিকে তাকালাম। আসার পথে যে বনভূমিকে শুধু সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য বলে মনে হয়েছিল, ফেরার পথে সেই বনভূমিকে দেখছিলাম অন্যভাবে। প্রতিটি গাছের সঙ্গে যেন জড়িয়ে আছে কোনো না কোনো পরিবারের গল্প, কোনো তরুণীর স্বপ্ন কিংবা একটি গ্রামের ভবিষ্যৎ।
