কুয়েতে দুই ইতালীয়কে হত্যায় ব্যবহৃত ড্রোন ইরানে তৈরি, দাবি ইতালির
ড্রোন পাঠানোর অভিযোগ অস্বীকার করে যৌথ তদন্তে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছে তেহরান।
কুয়েতে হামলায় দুই ইতালীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় ব্যবহৃত ড্রোনটি ইরানে তৈরি বলে দাবি করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি।
কুয়েতি তদন্তকারীদের অনুসন্ধানের বরাত দিয়ে তিনি শুক্রবার বলেছেন, “কুয়েতিদের পরিচালিত তদন্ত অনুযায়ী, ড্রোনটি ইরানে তৈরি।”
আল জাজিরা লিখেছে, বৃহস্পতিবারের ওই হামলায় দুই ইতালীয় নিহত হওয়ার পাশাপাশি আরও দুজন আহত হন। এ ঘটনায় আন্তর্জাতিক মহলে নিন্দা জানানো হয়। সৌদি আরব, সিরিয়াসহ কয়েকটি দেশ হামলার জন্য ইরানকে দায়ী করে।
তবে হামলায় ড্রোন পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হামলার ঘটনাকে ‘সন্দেহজনক’ বলে বর্ণনা করেছেন।
তাজানি বলেন, ইরান দাবি করেছে, ড্রোনটি তাদের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা হয়নি। তবে দেশটির আঞ্চলিক মিত্রদের কাছেও ইরানে তৈরি ড্রোন রয়েছে।
তিনি জানান, ইতালি ও কুয়েতের কর্তৃপক্ষের সঙ্গে যৌথ তদন্ত কমিশনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে ইরান।
