১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে ইরানি হামলায় ৬ সেনা নিহত: পেন্টাগনের বিরুদ্ধে সেনা কর্মকর্তার অভিযোগ

অভিযোগে বলা হয়েছে, মার্কিন সেনাদের পর্যাপ্ত সুরক্ষার অভাব নিয়ে আগে থেকেই উদ্বেগ জানানো হলেও প্রতিরক্ষাসদরদপ্তর পেন্টাগন তাতে কর্ণপাত করেনি।

কুয়েতে ইরানি হামলায় ৬ সেনা নিহত: পেন্টাগনের বিরুদ্ধে সেনা কর্মকর্তার অভিযোগ

মার্কিন সেনাবাহিনীর মেজর স্টিফেন র‍্যামসবটম। ছবি: এক্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 06:28 PM

Updated : 16 Nov 2026, 06:28 PM

কুয়েতে একটি অস্থায়ী অভিযান পরিচালনা কেন্দ্রে (অপারেশনস সেন্টার) ইরানের হামলায় ছয় মার্কিন সেনা নিহতের ঘটনায় পেন্টাগনের বিরুদ্ধে গুরুতর অবহেলার অভিযোগ এনেছেন ওই হামলায় বেঁচে যাওয়া এক সেনা কর্মকর্তা।

অভিযোগে বলা হয়েছে, সেনাদের পর্যাপ্ত সুরক্ষার অভাব নিয়ে আগে থেকেই উদ্বেগ জানানো হলেও পেন্টাগন তাতে কর্ণপাত করেনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর হাতে আসা ওই অভিযোগপত্রের অনুলিপি থেকে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সেনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটিতে অভিযোগটি জমা দেওয়া হয়। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস প্রথম এ খবর প্রকাশ করে।

আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ট্রাম্প প্রশাসন এবং ইরান যুদ্ধ পরিচালনার বিষয়ে ব্যাপক তদন্ত শুরুর প্রস্তুতির মধ্যেই এই অভিযোগ সামনে এল। এ বিষয়ে মন্তব্যের জন্য কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটি এবং পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।

রোববার প্রচারিত সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে সাংবাদিক নোরা ও’ডোনেলকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে অভিযোগটি দায়ের করার কারণ ব্যাখ্যা করেন মার্কিন সেনাবাহিনীর মেজর স্টিফেন র‍্যামসবটম।

গত ১ মার্চের ওই হামলার ঘটনাটিকে তিনি ‘সেনাবাহিনী, আমাদের নেতৃত্ব এবং আমার নিজের একটি কৌশলগত ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেন।

মেজর র‍্যামসবটম বলেন, “আমরা এ বিষয়ে ঠিকমতো পরিকল্পনা করিনি। এখান থেকে আমাদের অবশ্যই শিক্ষা নিতে হবে।” ওই অভিযান পরিচালনা কেন্দ্রটিকে অনেকেই ‘ট্রেইলার পার্ক’ (অস্থায়ী গাড়ি বা ছাউনির বসতি) হিসেবে বর্ণনা করতেন বলেও জানান তিনি।

কুয়েতের শুয়াইবা বন্দরে ওই হামলায় মার্কিন আর্মি রিজার্ভের ছয় সদস্য নিহত হন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধে তারাই ছিলেন নিহত প্রথম মার্কিন সেনাসদস্য। ওই হামলায় র‍্যামসবটমসহ আরও কয়েক ডজন সেনা আহত হয়েছিলেন।

সে সময় পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তারা দাবি করেছিলেন, ভবনটি সুরক্ষিত ছিল। তবে ওই স্থাপনা সম্পর্কে অবগত একটি সূত্র এর আগে সিএনএন-কে জানিয়েছিল, ভবনটির চারপাশে কেবল কংক্রিটের প্রতিবন্ধক ছিল, যা গাড়িবোমা থেকে সুরক্ষা দিতে পারলেও ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর মতো কোনো ব্যবস্থা সেখানে ছিল না।

সিএনএন-এর আগের প্রতিবেদনে আরও বলা হয়েছিল, হামলাটি অত্যন্ত দ্রুতগতিতে হয়েছিল এবং সেনাদের নিরাপদ আশ্রয়ে (বাংকার) যাওয়ার জন্য কোনো সতর্কসংকেত বা সাইরেন বাজেনি।

র‍্যামসবটম জানান, আকাশপথের হামলা থেকে সুরক্ষার অভাবের বিষয়টি তিনি একাধিক বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তুলে ধরেছিলেন। জবাবে তাকে বলা হয়েছিল, “সুরক্ষা নিয়ে আমাদের দুশ্চিন্তা করার দরকার নেই।”

সামরিক নেতারা পরে জানিয়েছিলেন, তারা ওই স্থানে একটি ড্রোন প্রতিরোধী (কাউন্টার-ড্রোন) ব্যবস্থা পাঠানোর চেষ্টা করবেন। তবে র‍্যামসবটম বলেন, “সেটি কখনো শুয়াইবায় পৌঁছায়নি। এমনকি আদৌ সেটির জন্য কোনো ফরমায়েশ বা অনুরোধ জানানো হয়েছিল কি না, তা-ও আমরা জানি না।”

অভিযোগপত্র অনুযায়ী, ড্রোন হামলার সময় ওই সামরিক স্থাপনায় কোনো চিকিৎসক বা স্থায়ী প্রাথমিক চিকিৎসাকেন্দ্র ছিল না। সেখানে কেবল একটি অ্যাম্বুলেন্স ছিল।

হামলার পর থেকে একাধিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে একই ধরনের অভিযোগ করে আসছেন র‍্যামসবটম।

গত এপ্রিলে সিএনএন এর সহযোগী সংবাদমাধ্যম কেওএএ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মর্টার শেল বা গাড়িবোমার মতো ‘পুরোনো ধরনের হুমকি’ মোকাবিলার সুরক্ষা ওই স্থাপনায় থাকলেও আধুনিক ড্রোন যুদ্ধের জন্য সেটি প্রস্তুত ছিল না।

ওই সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, “ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের আগের সময়ের চিন্তাভাবনা অনুযায়ী ঘাঁটিটি বেশ ভালোভাবেই সুরক্ষিত ছিল। কিন্তু আমরা যে ধরনের যুদ্ধের মুখোমুখি হচ্ছি, তার জন্য এটি মোটেও প্রস্তুত ছিল না।”

গত মার্চে হামলার পর এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, যুক্তরাষ্ট্রের ‘অবিশ্বাস্য আকাশ প্রতিরক্ষা বাহিনী’ রয়েছে। তবে ওই হামলায় ‘একটি’ ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে ঢুকে পড়েছিল বলে স্বীকার করেন তিনি।

হেগসেথ বলেছিলেন, “মাঝেমধ্যে এমন একটি, দুর্ভাগ্যবশত আমরা যেগুলোকে ‘স্কুইর্টার’ (ফাঁক গলে ঢুকে পড়া অস্ত্র) বলি, প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে ঢুকে পড়তে পারে। ওই নির্দিষ্ট ঘটনায় সেটি একটি সুরক্ষিত কৌশলগত অভিযান পরিচালনা কেন্দ্রে আঘাত হেনেছিল। তবে এগুলো অত্যন্ত শক্তিশালী অস্ত্র।”

সেনেটের সশস্ত্র বাহিনীবিষয়ক কমিটির সদস্য এবং সেনেটের স্থায়ী তদন্ত উপকমিটির শীর্ষ ডেমোক্র্যাট সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল একটি গোপন ব্রিফিংয়ে উপস্থিত হয়ে এ বিষয়ে প্রশ্নের জবাব দিতে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি শুয়াইবা বন্দরের ওই স্থাপনার ‘সেনা সুরক্ষাসংক্রান্ত সব মূল্যায়ন প্রতিবেদন’ জমা দেওয়ার দাবিও তুলেছেন তিনি।