১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সেনাদের সমাধিতে হাসি-আড্ডা, প্রহরীর তিরস্কারের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ও সঙ্গীরা

যুক্তরাষ্ট্রের আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে ‘টম্ব অফ দ্য আননোন সোলজার’এর কাছে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, তার স্ত্রী ও কয়েকজন উপদেষ্টা ছবি তোলার জন্য দাঁড়ালে এই ঘটনা ঘটে।

সেনাদের সমাধিতে হাসি-আড্ডা, প্রহরীর তিরস্কারের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ও সঙ্গীরা

পিট হেগসেথ। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 06:59 PM

Updated : 12 Nov 2026, 06:59 PM

যুক্তরাষ্ট্রের আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে নিহত সেনাসদস্যদের স্মরণে নির্মিত ‘টম্ব অফ দ্য আননোন সোলজার’ এর কাছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও তার সফরসঙ্গীদের একটি দল হাসাহাসি ও গল্পগুজব করায় একজন সেনা প্রহরী তাদেরকে তিরস্কার করেছেন।

‘ভেটেরানস ডে’ উপলক্ষে সমাধিসৌধে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বার্ষিক পুষ্পস্তবক অর্পণের পর সেখানে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, তার স্ত্রী ও কয়েকজন উপদেষ্টা ছবি তোলার জন্য দাঁড়ালে এই ঘটনা ঘটে।

হেগসেথ ও তার সফরসঙ্গীরা সিঁড়ি বেয়ে সমাধিসৌধ এলাকা ছাড়ার সময় দায়িত্বরত প্রহরী উচ্চস্বরে বলেন, “সব দর্শনার্থীকে সর্বদা নীরবতা ও সম্মানের পরিবেশ বজায় রাখতে হবে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে প্রহরীর কথা শুনে হেগসেথকে একবার পেছন ফিরে তাকাতে দেখা গেছে; এরপর তিনি হেঁটে চলে যান।

এ বিষয়ে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেন, “প্রতিরক্ষামন্ত্রী ও পুরো দপ্তর যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে আমাদের সামরিক বাহিনীর নারী-পুরুষদের আত্মত্যাগকে সবসময় সম্মান জানিয়েছে এবং ভবিষ্যতেও জানাবে। এই গাম্ভীর্যপূর্ণ দিনটি স্মরণ করার সময় এক সেনা যথাযথ ও সম্মানজনকভাবেই সবাইকে শালীনতা বজায় রাখার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।”

প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং কোরিয়ান যুদ্ধে নিহত তিনজন অজানা সেনার সমাধি রয়েছে ওই স্থানে, যা সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টাই পাহারা দেওয়া হয়।

মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে পুরোনো সক্রিয় পদাতিক ইউনিট ‘থার্ড ইউএস ইনফ্যান্ট্রি রেজিমেন্ট’-এর প্রহরীরা এই দায়িত্ব পালন করেন, যারা ঐতিহ্যগতভাবে ‘দ্য ওল্ড গার্ড’ নামে পরিচিত।

আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে চার লাখের বেশি সাবেক সেনাসদস্য সমাহিত রয়েছেন।

সম্প্রতি এই সমাধিক্ষেত্রের প্রবেশপথের কাছে ২৫০ ফুট উঁচু একটি বিজয় তোরণ (ট্রায়াম্ফাল আর্চ) নির্মাণের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন, যার বিরুদ্ধে বিভিন্ন পক্ষ থেকে চ্যালেঞ্জ জানানো হয়েছে।

ভিয়েতনাম যুদ্ধের বেশ কয়েকজন সাবেক সেনা বলছেন, এই তোরণ তাদের সামরিক সেবা এবং সেখানে সমাহিত ব্যক্তিদের ঐতিহ্যকে অসম্মান করবে।

অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির পরিবার মঙ্গলবার একটি মামলা দায়ের করে জানিয়েছে, স্থাপনাটি কেনেডি পরিবারের স্মৃতিসৌধের ওপর ছায়া ফেলবে।

এ ছাড়া নির্মাণকাজের ফলে দীর্ঘমেয়াদি ভোগান্তি ও ব্যয় বাড়ার আশঙ্কায় মামলা করেছে ভার্জিনিয়া রাজ্য ও ওয়াশিংটন ডিসি কর্তৃপক্ষও।

তবে মার্কিন সেনাবাহিনীর সাবেক সদস্য হেগসেথ আদালতে দাখিল করা নথিতে এই তোরণ নির্মাণের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, এটি ‘জাতীয় প্রতিরক্ষার এক যুগান্তকারী সুযোগ’, যা ড্রোন ও আকাশভিত্তিক অন্যান্য ব্যবস্থা মোকাবেলায় ব্যবহৃত হবে।