১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

প্রতিরক্ষামন্ত্রীকে ধমক দিয়েও শাস্তি নয়, উল্টো পদক পেলেন মার্কিন সেনা

কর্তব্যের খাতিরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীকেও ছাড় দেননি এক সেনা। সমাধিস্থলে হাসাহাসি করায় ধমক দিয়ে নিয়ম শেখানো সেই সেনাই এবার বিশেষ মেডেল পেলেন স্বয়ং প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের কাছ থেকে।

প্রতিরক্ষামন্ত্রীকে ধমক দিয়েও শাস্তি নয়, উল্টো পদক পেলেন মার্কিন সেনা

সেনা ইগলেসিয়াসকে পদক পরিয়ে দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: এক্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 07:06 PM

Updated : 13 Nov 2026, 07:06 PM

যুক্তরাষ্ট্রের আর্লিংটন জাতীয় সমাধিসৌধে নীরবতা ভঙ্গের কারণে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও তার সঙ্গীদের প্রকাশ্যে তিরস্কার করেছিলেন সমাধি পাহারায় থাকা এক সেনা। তবে সেই ঘটনার জেরে শাস্তি নয়, বরং নিয়ম ও মর্যাদা বজায় রাখার স্বীকৃতিস্বরূপ সেই সেনাকেই বিশেষ সম্মাননা পদক দিলেন খোদ হেগসেথ।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, “আমরা সেনাদের ভালোবাসি। আমরা নিয়ম-শৃঙ্খলা (মানদণ্ড) ভালোবাসি। সাবাশ, স্পেশালিস্ট। দেশ প্রেমিকেরা, এগিয়ে চল।”

গত বুধবার 'ভেটেরানস ডে' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে নিহত সেনাসদস্যদের স্মরণে নির্মিত ‘টম্ব অফ দ্য আননোন সোলজার’-এর সামনে দাঁড়িয়ে ছবি তোলার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, তার স্ত্রী এবং জ্যেষ্ঠ উপদেষ্টারা হাসাহাসি করেন এবং কথা বলছিলেন।

এর পরপরই সমাধি পাহারায় থাকা সেনাসদস্য স্পেশালিস্ট থমাস ইগলেসিয়াস তাদেরকে উচ্চস্বরে ধমক দেন এবং নীরবতা ও সম্মান বজায় রাখার নিয়মের কথা মনে করিয়ে দেন। কড়া ভাষায় তিনি বলেন, “সব দর্শনার্থীকে সবসময় নীরবতা ও সম্মানের পরিবেশ বজায় রাখতে হবে।”

এ ঘটনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল পরে বলেছিলেন, ওই সেনাসদস্য “সঠিকভাবে এবং শ্রদ্ধার সঙ্গেই সবাইকে শালীনতা ও মর্যাদা বজায় রাখার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।”

সেনা থমাস ইগলেসিয়াসের পদক পাওয়ার খবরটিও পরে নিশ্চিত করে জানিয়েছে পেণ্টাগন।

পেন্টাগনের এক কর্মকর্তা জানান, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ ‘দ্য ওল্ড গার্ড’ বাহিনীর সদস্যদের পেন্টাগনে আমন্ত্রণ জানান। সেখানে তিনি ১১ নভেম্বর সমাধিস্থলে দারুণভাবে দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে সেনাসদস্য ইগলেসিয়াসকে ‘জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল’ দেন।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন প্রথম এই ঘটনার খবর প্রকাশ করেছে।

প্রতিরক্ষামন্ত্রীর গেগসেথের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ছবিতে দেখা গেছে, তিনি নিজে সেনা ইগলেসিয়াসের বুকে পদক পরিয়ে দিচ্ছেন। সেখানে ইগলেসিয়সের সঙ্গে '৩য় মার্কিন ইনফ্যান্ট্রি রেজিমেন্ট'-এর অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন; যারা 'ওল্ড গার্ড' নামে পরিচিত এবং ওই সমাধিসৌধ পাহারার দায়িত্বে নিয়োজিত।

‘টম্ব অব দ্য আননোন সোলজার’ যুক্তরাষ্ট্রের অন্যতম পবিত্র এক যুদ্ধ স্মৃতিসৌধ। মার্কিন সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজনীতিবিদ, বিদেশি গণ্যমান্য ব্যক্তি এবং অন্যান্য বিশিষ্টজনরা প্রায়ই সেখানে যান।

১৯৪৮ সাল থেকে ‘দ্য ওল্ড গার্ড’ বাহিনীর সেনারা সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা এই সমাধি পাহারার দায়িত্ব পালন করে আসছে। দর্শনার্থীরা বেশি শব্দ করলে তাদের সতর্ক করার মাধ্যমে সমাধির চারপাশে শ্রদ্ধাপূর্ণ পরিবেশ বজায় রাখাটাই এই প্রহরীদের কাজ। এর আগেও এমন অনেক ঘটনা ঘটেছে।