পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী জেনারেলকে বরখাস্ত করলেন হেগসেথ
তিনি ট্রাম্প প্রশাসনের অপসারিত হওয়া জেনারেলদের দীর্ঘ তালিকার সর্বশেষ সংযোজন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের শীর্ষ সামরিক পলিকল্পনাকারী সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করেছেন, জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
এটি ট্রাম্প প্রশাসনের অপসারিত হওয়া জেনারেলদের দীর্ঘ তালিকার সর্বশেষ সংযোজন। এ ঘটনা এমন এক সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আট মাস ধরে চলা যুদ্ধের মধ্যে ইরানের ওপর নতুন করে হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন।
মার্কিন ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যাটলান্টিকের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতি বিষয়ক প্রধানের পদ থেকে লে. জেনারেল সিলভিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। হেগসেথের অধীনে পদ থেকে অপসারিত হওয়া দ্বিতীয় জেনারেল তিনি। সামরিক মহলে তার পদটি ‘জে৫’ নামে পরিচিত।
পরিচয় না প্রকাশ করার শর্তে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, সিলভিয়ার পদে তাৎক্ষণিকভাবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি আর তাকে বরখাস্ত করার কারণও জানানো হয়নি।
মার্কিন জয়েন্ট স্টাফের একজন মুখপাত্র বলেছেন, “জয়েন্ট অফ স্টাফের চেয়ারম্যান, জয়েন্ট স্টাফ এবং জয়েন্ট ফোর্স – লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়া ও তার পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে জাতির সেবায় তার ৩২ বছরের গৌরবময় অবদানের জন্য।”
ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথাও জানাননি ট্রাম্প। তিনি কেবল ইঙ্গিত দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে হয়ত ‘কাজ শেষ করতে হবে’ অথবা তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে হতে পারে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরু করার পর থেকে ইরান যুদ্ধ শুরু হয়।
