২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যানফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হল ঢাকায়

অ্যাডভেঞ্চার ও আউটডোর কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে উৎসবের মঞ্চে প্রথমবারের মত দেওয়া হয় ‘রয়েল বেঙ্গল টাইগার অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 11:11 AM

Updated : 28 Nov 2026, 11:18 AM

অ্যাডভেঞ্চার, পর্বতারোহণ আর দুঃসাহসিক অভিযানের গল্প নিয়ে ‘ব্যানফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল ওয়ার্ল্ড ট্যুর’ অনুষ্ঠিত হল রাজধানীতে।

রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে শুক্রবার বিকালে আন্তর্জাতিক এই অ্যাডভেঞ্চার চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্রদর্শনী শুরু হয়। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় কানাডিয়ান হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মার্কাস ডেভিস।

স্বেচ্ছাসেবী সংগঠন কেওক্রাডং বাংলাদেশ এ উৎসবের আয়োজন করে; সহযোগিতায় ছিল সিঙ্গাপুরভিত্তিক অ্যাডভেঞ্চার বিষয়ক প্রতিষ্ঠান আই ড্রিম সাফারিস।

দেশের পর্বতারোহী, অভিযাত্রী, সাইক্লিস্ট, ভ্রমণপ্রেমী এবং আউটডোর অ্যাডভেঞ্চারের সঙ্গে যুক্ত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জাদুঘর প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়। আয়োজন চলাকালে দর্শকে কানায় কানায় পরিপূর্ণ ছিল মুক্তিযুদ্ধ জাদুঘরের মূল মিলনায়তনটি।

এবারের আসরে শ্বাসরুদ্ধকর দুঃসাহসিক অভিযান, পর্বতারোহণ, ট্রেইল-রানিং, সাইক্লিং ও স্কিইং বিষয়ক আটটি বিশ্বখ্যাত চলচ্চিত্র প্রদর্শিত হয়।

প্রদর্শিত চলচ্চিত্রগুলো হল—কানাডার ‘ডেলিউজ’, ‘কোল্ড কলস – কানাডা’ ও ‘ওয়ান স্টেপ অ্যাহেড’, ফ্রান্সের ‘ম্যান্ডালা’, যুক্তরাষ্ট্রের ‘দ্য ফিনিশার: জ্যাসমিন প্যারিস অ্যান্ড দ্য বার্কলি ম্যারাথনস’ ও ‘রিল রক: রাইডার্স অন দ্য স্টর্ম’, অস্ট্রেলিয়ার ‘আ সেন্স অব ফাইট’ এবং জার্মানির ‘এমিল অ্যান্ড কার্ল – লিটল হুইলস, বিগ মাউন্টেনস’।

চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি এবারের আয়োজনে ছিল দুটি বিশেষ পর্ব। দেশে অ্যাডভেঞ্চার ও আউটডোর কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে উৎসবের মঞ্চে প্রথমবারের মত দেওয়া হয় ‘রয়েল বেঙ্গল টাইগার অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড’। এবার এ পুরস্কার পেয়েছেন এভারেস্ট জয়ী বাবর আলী ও ওয়াসফিয়া নাজরীন। এছাড়া সাইক্লিস্ট, বাইকার, সাঁতারু ও কায়াকার হিসেবে অ্যাডভেঞ্চারে বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয় রফিকুল ইসলাম, মাসুদ মোহাম্মদ, মাসদাক চৌধুরী, ফজলে রাব্বি, সোহাগী আক্তার ও শাহজালাল নোমানকে।

এছাড়া একই আয়োজনে প্রকাশিত হয় বাংলাদেশের এন্ডুরেন্স অ্যাথলেট মোহাম্মদ শামসুজ্জামান আরাফাতের আলোকচিত্রনির্ভর কফি-টেবিল বই ‘এনডিয়র-চেজিং দ্য ইম্পসিবল’।

বইটির মোড়ক উন্মোচন করেন কথাসাহিত্যিক আনিসুল হক ও সাবেক পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আয়রনম্যান প্রতিযোগিতা, বোস্টন ও বার্লিন ম্যারাথন, ভুটানের স্নোম্যান রেস এবং বাংলা চ্যানেল সাঁতারসহ আরাফাতের নানা রোমাঞ্চকর অভিযানের গল্প স্থান পেয়েছে বইটিতে।

কানাডার ব্যানফে অনুষ্ঠিত মূল উৎসব থেকে নির্বাচিত চলচ্চিত্র নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত হয় এই ওয়ার্ল্ড ট্যুর। ২০১০ সাল থেকে বাংলাদেশে উৎসবটির আয়োজন করে আসছে কেওক্রাডং বাংলাদেশ।

কেওক্রাডং বাংলাদেশের সমন্বয়ক মুনতাসির মামুন বলেন, “এই উৎসব কেবল চলচ্চিত্র প্রদর্শনী নয়, বরং দেশের অভিযাত্রীদের অভিজ্ঞতা বিনিময় এবং নতুন প্রজন্মকে প্রকৃতি ও অভিযানের প্রতি আগ্রহী করে তোলার একটি মাধ্যম।”

ঢাকায় বসছে ‘ব্যানফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল’