৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

খাগড়াছড়িতে ‘বন ও প্রাণের উৎসব’ শনিবার, থাকছে সাংস্কৃতিক আয়োজন

বেলা ২টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে আয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Oct 2026, 05:38 PM

Updated : 30 Oct 2026, 05:38 PM

প্রকৃতি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপনের লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বন ও প্রাণের উৎসব-২০২৬’।

‘পিটাছড়া ফরেস্ট ও বায়োডাইভার্সিটি কনজার্ভেশন ইনিশিয়েটিভ’-এর উদ্যোগে শনিবার মাটিরাঙ্গার পূর্ব খেদাছড়ার ৩৫ নম্বর খেদাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেল জানান, উৎসবের উদ্বোধন করবেন খাগড়াছড়ির সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া। বেলা ২টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে আয়োজন। উৎসবে পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা তুলে ধরতে থাকছে বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা।

আয়োজকরা জানান, বন ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে প্রকৃতির সম্পর্ক তুলে ধরাই এ উৎসবের মূল উদ্দেশ্য। প্রাকৃতিক বন উজাড় ও বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংসের প্রেক্ষাপটে জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ হিসেবে গড়ে উঠেছে পিটাছড়া ফরেস্ট ও বায়োডাইভার্সিটি কনজার্ভেশন ইনিশিয়েটিভ।

পিটাছড়ার ৭৫ একর এলাকাজুড়ে বিস্তৃত এ অরণ্যে রয়েছে ১৫০ প্রজাতির পাখি, ২৭ প্রজাতির সাপ এবং ২০ প্রজাতির ব্যাঙ ও কচ্ছপ। এ বনে লজ্জাবতী বানর, বনরুই ও মেছোবিড়ালের মতো বিরল বন্যপ্রাণীরও আবাস রয়েছে। পাশাপাশি গড়ে তোলা হয়েছে ছয় হাজার দেশি গাছের নার্সারি। প্রতিষ্ঠা করা হয়েছে মেডিকেল সেন্টার, পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবের অংশ হিসেবে শনিবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ঘিলা খেলা, বাঁশ খেলা ও হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। এরপর বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

পিটাছড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে। আলোচনা পর্ব শেষে মঞ্চস্থ হবে নাটক ‘অরণ্যের খোঁজে’। এ ছাড়া প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুটি বিভাগে দেওয়া হবে ‘পিটাছড়া পরিবেশ সম্মাননা-২০২৬’।

এ বছর ‘পরিবেশবান্ধব সমাজ উদ্যোগ’ বিভাগে সম্মাননা পাচ্ছেন রিতু পারভী এবং ‘প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ’ বিভাগে সম্মাননা পাচ্ছে হরিরামপুর শ্যামল নিসর্গ।

এছাড়া সন্ধ্যা ৬টা ২০ মিনিটে পিটাছড়া সাংস্কৃতিক দলের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে সাংস্কৃতিক পর্ব। সন্ধ্যা ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত সংগীত পরিবেশন করবে চট্টগ্রামের গানের দল অগ্নিবীণা।

এরপর রাত ৮টা ২০ মিনিট থেকে লোকসংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী বগা তালেব।

পিটাছড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাহফুজ রাসেল বলেন, “জীবন ও প্রকৃতির মধ্যে মেলবন্ধন তৈরি এবং স্থানীয় জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপনের লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।”