০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

শীতের প্রস্তুতি: ঘর থেকে বিদায় দিন ৭টি অপ্রয়োজনীয় জিনিস

অপ্রয়োজনীয় জিনিসে ঠাসা ঘর মানসিক চাপ তৈরি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 05:02 PM

Updated : 05 Nov 2026, 05:02 PM

বছরের শেষ দিকে শীতের আমেজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে শুরু হয় নানান উৎসব, বিয়ে এবং ছুটির দিনের দাওয়াতের প্রস্তুতি।

তবে উৎসবের এই আনন্দময় দিনগুলো শুরু হওয়ার আগে ঘরের পরিচ্ছন্নতা ও গোছগাছ নিশ্চিত করা জরুরি।

ঘর যদি অপ্রয়োজনীয় জিনিসপত্রে ঠাসা থাকে, তবে মানসিক চাপ বাড়িয়ে দেয়।

ঘর-গোছানো এবং পরিচ্ছন্নতা বিশেষজ্ঞরা বলছেন, সারা বছরের জমে থাকা আবর্জনা ও অব্যবহৃত জিনিসপত্র শীতের শুরুতেই ঘর থেকে পুরোপুরি দূর করা উচিত, যাতে পুরো শীতের মৌসুমটি একটি শান্ত ও স্বস্তিদায়ক পরিবেশে উপভোগ করা সম্ভব হয়।

জীবনধারা-বিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এ প্রকাশিত প্রতিবেদনে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ‘দ্য ড্যাজল ক্লিনিং কোম্পানি’র প্রতিষ্ঠাতা এবং পরিষ্কার-বিষয়ক বিশেষজ্ঞ লোগান টেইলর বলেন, “কোন জিনিসটি রাখতে হবে আর কোনটি ফেলতে হবে— এই সিদ্ধান্ত নেওয়া অনেক সময় বেশ কঠিন মনে হয়। তবে উৎসবের ব্যস্ততা শুরু হওয়ার আগেই ঘরকে হালকা করে ফেলা বুদ্ধিমানের কাজ।”

বিশেষজ্ঞদের নির্দেশিত বছর শেষ হওয়ার দুমাস আগেই বিদায় দেওয়ার মতো ৭টি প্রধান জিনিসের তালিকা নিচে আলোচনা করা হল।

বাড়তি ও অব্যবহৃত পরিবেশন পাত্র

শীতের দাওয়াত বা পারিবারিক ভোজের পরিকল্পনা শুরু করার আগে রান্নাঘরের কেবিনেট বা ড্রয়ার পরীক্ষা করা উচিত।

লোগান টেইলরের মতে, “বছরের পর বছর ধরে পড়ে থাকা অতিরিক্ত পরিবেশন থালা, বাটি বা বাটি-চামচের সেট যেগুলো কখনই ব্যবহার করা হয় না, সেগুলো আলমারি থেকে বের করে ফেলা উচিত।”

যদি কোনও পাত্রে অন্য কারও নাম থাকে বা কারও কাছ থেকে আনা হয়ে থাকে, তবে তা ধুয়ে দ্রুত ফেরত দেওয়া উচিত বা অব্যবহৃত ভালো পাত্রগুলো দান করে দেওয়া যেতে পারে।

গাড়ির ভেতরের আবর্জনা

শীতের তীব্র ঠাণ্ডা পুরোপুরি পড়ার আগে এবং ছুটির দিনের লম্বা সড়ক যাত্রা বা ভ্রমণে যাওয়ার আগে নিজের গাড়িটি ভালো করে পরিষ্কার করা আবশ্যক।

ঘর গোছানো-বিষয়ক মার্কিন বিশেষজ্ঞ লরি হাইস বলেন, “বাইরে যখন তীব্র ঠাণ্ডা থাকবে, তখন একটি অপরিচ্ছন্ন বা জটলা পাকানো গাড়ির ভেতর প্রয়োজনীয় জিনিস খোঁজা অত্যন্ত যন্ত্রণাদায়ক।”

গাড়ি পরিষ্কার করলে শীতকালীন জরুরি সরঞ্জাম (যেমন— ইমার্জেন্সি লাইট) এবং উৎসবের কেনাকাটার জিনিসপত্র রাখার পর্যাপ্ত জায়গা তৈরি হয়।

না পরা বা পুরানো শীতের পোশাক

শীতের ভারী আলমারি খোলার এটাই উপযুক্ত সময়। আলমারিতে থাকা পুরানো কোট, জ্যাকেট, মাফলার, স্কার্ফ, কানটুপি এবং উলের মোজাগুলো ভালো করে পরীক্ষা করতে হবে।

যে পোশাকগুলো ছোট হয়ে গেছে বা গত দুয়েক বছর ধরে একবারও পরা হয়নি, সেগুলো আলাদা করে কোনো অভাবীকে বা দাতব্য সংস্থায় দান করে দেওয়া উচিত।

এছাড়া জোড়া হারিয়ে যাওয়া একটা মোজা বা গ্লাভসগুলো ঘরে জমিয়ে না রেখে ফেলে দেওয়াই ভালো।

অতিরিক্ত বা অপূর্ণ লিনেন ও চাদর

শীতের ছুটিতে বাড়িতে অতিথি বা মেহমান আসার সম্ভাবনা থাকে। তাই লিনেন বা কাপড়ের আলমারিটি গোছানো দরকার।

লোগান টেইলরের নির্দেশনানুযায়ী, “ঘরের বর্তমান খাটের আকারের সঙ্গে মেলে না এমন চাদর এবং অপূর্ণ বা ছেঁড়া চাদরের সেট আলমারি থেকে সরিয়ে ফেলা উচিত। যে কম্বল, বালিশ বা তোয়ালেগুলো বছরের পর বছর ধরে কেবল জায়গা দখল করে আছে, সেগুলো ধুয়ে পরিষ্কার করে কোনো আশ্রয়কেন্দ্রে দান করা যেতে পারে।”

মেয়াদোত্তীর্ণ প্যান্ট্রি বা শুকনা খাবার

শীতকালীন রান্নাবান্না ও পিঠা উৎসবের ধুম পড়ার আগেই রান্নাঘরের ফ্রিজ এবং শুকনা খাবারের তাক বা প্যান্ট্রি ভালো করে পরিষ্কার করা উচিত।

মার্কিন পরিচ্ছন্নতা বিশেষজ্ঞ ক্লডিয়া মেনেসেস পরামর্শ দেন, “প্যান্ট্রির একটি করে তাক সম্পূর্ণ খালি করে প্রতিটি উপাদানের মেয়াদের তারিখ পরীক্ষা করতে হবে।”

মেয়াদ চলে যাওয়া সস, মসলা বা প্যাকেটজাত খাবার ফেলে দিতে হবে। আর যেসব খাবার এখনও ভালো আছে তবে ঘরে খাওয়া হবে না, সেগুলো নষ্ট না করে দ্রুত অন্য কাউকে দিয়ে দেওয়া উচিত।

অব্যবহৃত উপহার

অনেকের ঘরেই এমন কিছু উপহার জমে থাকে যা অতীতে কোনও অনুষ্ঠানে পাওয়া গিয়েছিল তবে নিজের কোনও কাজে লাগেনি, বা কাউকে দেওয়ার জন্য কিনে রাখা হয়েছিল কিন্তু দেওয়া হয়নি।

লরি হাইসের মতে, “নতুন করে কেনাকাটা করার আগে এই ধরনের জিনিসগুলোর তালিকা করা উচিত। হয়ত আপনার ড্রয়ারে জমে থাকা কোনও একটি জিনিসই চেনা অন্য কারও জন্য উপহার হতে পারে। এতে উৎসবের বাড়তি কিছু খরচ বেঁচে যায় এবং ঘরের জায়গাও খালি হয়।”

পুরানো বা অকেজো উৎসবের ডেকোরেশন সামগ্রী

প্রতি বছর উৎসবের বড় বাক্সটি খোলার পর দেখা যায়, কিছু লাইট বা প্লাস্টিকের ফুল-গাছ কখনই বের করা হয় না।

লোগান টেইলর সতর্ক করে বলেন, “উৎসব শেষ হওয়ার পর এই কাজের জন্য অপেক্ষা করা ভুল হবে, কারণ তখন অলসতাবশত এই অপ্রয়োজনীয় জিনিসগুলো আবার বাক্সে ঢুকে এক বছরের জন্য ঘরের জায়গা নষ্ট করবে।”

তাই অকেজো বা ভাঙা লাইটিং ও ডেকোরেশন সামগ্রীগুলো ঘর থেকে চিরতরে বিদায় দেওয়া উচিত।

পুরনো খবর:

রাতে ঘর গোছানোর অভ্যাসে মিলবে শান্ত সকাল
গোছানো থাকতে প্রতিদিন যা করতে হবে
ছোটখাট অভ্যাসে বাসা-বাড়ি গুছিয়ে রাখা যায় সহজে