চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন
২০২০ সালের ৩০ জানুয়ারি ৪০টি অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশনসহ হাসিদকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
চুয়াডাঙ্গায় ৪০ অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষে অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম।
দণ্ড পাওয়া হাসিদ মণ্ডল চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা তেঁতুলতলা পাড়ার প্রয়াত শহিদ মণ্ডলের ছেলে।
মামলার বরাতে এপিপি রেজা ডালিম বলেন, ২০২০ সালের ৩০ জানুয়ারি গোপন খবর পেয়ে হাসিদ মণ্ডলের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। সেই সময় হাসিদের জ্যাকেটের পকেটে থাকা একটি কাপড়ের ব্যাগ থেকে ৪০ অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।
প্রতিটি অ্যাম্পুলে দুই মিলিলিটার করে মোট ৮০ মিলিলিটার মাদক ছিল; যার আনুমানিক বাজার মূল্য ১২ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন বলে জানান পিপি।
পাঁচজনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও এক মাসের সশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষে এই আইনজীবী।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মফিজুর রহমান।
