১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও এক মাস সশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানিয়েছেন এপিপি।

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা আদালতে রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 06:20 PM

Updated : 11 Nov 2026, 06:19 PM

চুয়াডাঙ্গা সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) শামীম রেজা ডালিম।

দণ্ড পাওয়া বকুল হোসেন (৫২) উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার প্রয়াত কুদরত আলীর ছেলে।

এপিপি শামিম রেজা ডালিম বলেন, ২০১৭ সালের ৯ মার্চ দুপুরে মাদক কেনাবেচার খবর পেয়ে বকুলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বকুলকে আটক করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে মাদকের ১৩টি ইনজেকশন উদ্ধার করা হয়।

এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানার তৎকালীন এসআই জগদীশ চন্দ্র বসু বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

তদন্ত শেষে এসআই সানজিদ আহমেদ একই বছরের ৩১ মে বকুলকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান এপিপি।

রায়ের পর্যবেক্ষণে আদালত জানায়, সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনায় বকুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। আদালত এ মামলায় তার হাজতবাসের সময় সাজা থেকে বাদ দেওয়ার এবং জব্দ করা আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন।

সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি তিন হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও এক মাস সশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আরিফুল ইসলাম আরিফ। রায় ঘোষণার পর বকুলকে পুলিশ পাহারায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।