১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে কিশোরীকে ধর্ষণ মালমায় যুবকের যাবজ্জীবন

২০২৩ সালের ১৬ ডিসেম্বর রাতে মেয়েটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্যাতন করা হয়।

গোপালগঞ্জে কিশোরীকে ধর্ষণ মালমায় যুবকের যাবজ্জীবন

গোপালগঞ্জ আদালতে রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Oct 2026, 08:47 PM

Updated : 15 Oct 2026, 08:47 PM

গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলায় ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণ মালমায় এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) তৌফিকুল ইসলাম।

দণ্ড পাওয়া ফিরোজ সিকদার (৩০) উপজেলার পুইশুর গ্রামের বাসিন্দা।

মামলার বরাতে পিপি তৌফিকুল বলেন, ২০২৩ সালের ১৬ ডিসেম্বর রাতে মেয়েটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করেন ফিরোজ। পরদিন এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে কাশিয়ানী থানায় ধর্ষণ মামলা করেন।

তদন্ত শেষে ২০২৪ সালের ১২ ডিসেম্বর পুলিশ ফিরোজকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান তিনি।

সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও এক বছর কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।