০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

গাজীপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

২০১৯ সালের ৩১ অগাস্ট স্কুলের অফিসকক্ষে মেয়েটিকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়।

গাজীপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

গাজীপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 03:43 PM

Updated : 05 Nov 2026, 03:43 PM

গাজীপুরের গাছা থানায় ছয় বছরের এক মেয়েকে ধর্ষণ মামলায় এক শিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার গাজীপুর মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সেলিনা বেগম।

দণ্ড পাওয়া মো. আনোয়ার হোসেন খান (২০) গাজীপুরের শরীফপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি কিন্ডার গার্টেনের সহকারী শিক্ষক ছিলেন।

মামলা থেকে জানা গেছে, ২০১৯ সালের ৩১ অগাস্ট সকাল পৌনে ৯টার দিকে গাছা থানা এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলে যায় ৬ বছরের এক শিশু শিক্ষার্থী। সকাল সোয়া ৯টার দিকে অন্য শিক্ষকরা ক্লাসে চলে গেলে আনোয়ার শিশুটিকে স্কুলের অফিস কক্ষে নিয়ে ধর্ষণ করেন।

পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে পরিবারের সদস্য ও বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে একই বছরের ৫ সেপ্টেম্বর মেয়েটির মা বাদী হয়ে গাছা থানায় মামলা করেন।

মামলায় আনোয়ার হোসেন ছাড়াও ঘটনায় সহযোগিতার অভিযোগে এক নারী শিক্ষককে আসামি করা হয়।

পিপি সেলিনা বেগমের বরাতে আইনজীবী মহিউদ্দিন বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ শেষে আনোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে আসামির স্থাবর সম্পত্তি বিক্রি করে প্রাপ্ত অর্থ ভিকটিমকে প্রদানের নির্দেশ দেওয়া হয়।

রায় ঘোষণার সময় আসামিপক্ষ থেকে বিচারকের কাছে সময়ের আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করে সাজা ঘোষণা এবং সাজা পরোয়ানা জারি করেন বলে জানান তিনি।

মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) সেলিনা বেগম। তাকে সহযোগিতা করেন আইনজীবী মহিউদ্দিন ও জাকির কাদের।