১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বিয়ের আশ্বাসে ছাত্রীকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

আসামিকে জরিমানার এক লাখ টাকা ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

লালমনিরহাটে বিয়ের আশ্বাসে ছাত্রীকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 05:32 PM

Updated : 18 Nov 2026, 05:32 PM

লালমনিরহাট সদরে বিয়ের আশ্বাসে ১৭ বছরের ছাত্রীকে ধর্ষণ মামলায় এক স্কুল শিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) লুৎফর রহমান।

দণ্ড পাওয়া মো. নুরুজ্জামান (৪০) সদর উপজেলার খোঁচাবাড়ি এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় গিয়াসউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

মামলার এজাহার থেকে জানা গেছে, বিয়ের আশ্বাসে ওই কিশোরীকে স্কুলের পাশে একটি কক্ষে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন নুরুজ্জামান।

এ ঘটনায় ২০১২ সালে মেয়েটির বড় ভাই বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পিপি লুৎফর বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানিয়েছেন তিনি।

এ ছাড়া আদালত জরিমানার এক লাখ টাকা ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

রায়ে সন্তোষ প্রকাশ করে পিপি লুৎফর রহমান বলেন, “আমরা ন্যায়বিচার পেয়েছি। দৃষ্টান্তমূলক এই রায়ের মাধ্যমে ভবিষ্যতে আর কোনো শিক্ষক এমন অন্যায় ও জঘন্য কাজে লিপ্ত হতে সাহস পাবেন না।”