১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

শেরপুরে শিশু অপহরণ-মুক্তিপণ দাবি: ৪ আসামিকে ১৪ বছরের জেল

২০১৪ সালের ১৪ অগাস্ট সাত বছরের শিশুটিকে অপহরণ করা হয় বলে জানান পিপি।

শেরপুরে শিশু অপহরণ-মুক্তিপণ দাবি: ৪ আসামিকে ১৪ বছরের জেল

শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রায় ঘোষণা শেষে দুই আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 06:58 PM

Updated : 11 Nov 2026, 06:58 PM

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাত বছরের এক শিশুকে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় করা মামলায় চারজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার বিকালে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বাহাউদ্দিন আহমেদ দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আশরাফুন্নাহার রুবী।

দণ্ড পাওয়ারা হলেন- উপজেলার সোহাগপুর গ্রামের আকবর আলীর ছেলে রাইসুল হুদা (৩৪), আবুল কাশেমের ছেলে বোরহান উদ্দিন (৩৭), মো. আরব আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৯) এবং মো. সাহেদউল্লার ছেলে আব্দুল্লাহ আল মামুন বাবু (৩২)। বোরহান ও মামুন পলাতক রয়েছেন।

মামলার বরাতে পিপি আশরাফুন্নাহার রুবী বলেন, ২০১৪ সালের ১৪ অগাস্ট উপজেলার দক্ষিণ গড়কান্দা সাহাপাড়া এলাকা থেকে সাত বছরের এক ছেলে শিশুকে অপহরণ করা হয়। পরে শিশুটির পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

তবে শিশুটির পরিবার অপহরণকারীদের টাকা পাঠাতে ব্যর্থ হন। ঘটনার পরদিন জামালপুর জেলার নারিকেলী বাজারে থেকে শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

তিনি বলেন, একই বছরের ৯ সেপ্টেম্বর শিশুটি এলাকায় রাইসুলকে দেখে চিনতে পারে। পরে রাইসুলকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অপহরণের কথা স্বীকার এবং তার সহযোগীদের নাম প্রকাশ করেন।

এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে ওই চারজনসহ অজ্ঞাতপরিচয় আরও দুইজনকে আসামি করে নালিতাবাড়ী থানায় মামলা করেন বলে জানান পিপি আশরাফুন্নাহার।

পরবর্তীতে একই বছরের ২৬ ডিসেম্বর নালিতাবাড়ীর থানার তৎকালীন এসআই মো. রুহুল আমিন তালুকদার ওই চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান তিনি।

সাক্ষ্য গ্রহণ শেষে চার আসামিকে ১৪ বছর কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও ছয় মাস বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

তিনি বলেন, রায় ঘোষণার সময় বোরহান উদ্দিন ও আব্দুল্লাহ আল মামুন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়।