১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান: ৩৩ কিশোরসহ ৩৭ জনের জামিন

শহরের লঞ্চ ঘাট সংলগ্ন মোল্লারচর থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৩৭ জনকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 07:00 PM

Updated : 16 Nov 2026, 07:00 PM

মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট সংলগ্ন এলাকায় নদীতে নোঙর করা নৌযানে জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩৩ কিশোরসহ ৩৭ জনের জামিন মঞ্জুর করেছে আদালত।

সোমবার মুন্সীগঞ্জ শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৩৩ কিশোরের এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে শুনানি শেষে অপর চারজনের জামিন মঞ্জুর হয়।

শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাহানারা ফেরদৌস এবং মুন্সীগঞ্জ সদর আমলি আদালতের বিচারক মো. আশীকুর রহমান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

মুন্সীগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কামরুল ইসলাম বলেন, শুক্রবার বিকালে তাদের আটক করে সদর থানায় রাখা হয়। শনিবার আদালতে হাজির করলে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়।

“পরে আজ কিশোরদের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৩৩ জনকে এবং চারজনের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হওয়ায় আমলি আদালতে জামিন হয়।”

শুক্রবার শহরের লঞ্চ ঘাট সংলগ্ন মোল্লারচর থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৩৭ জনকে আটক করা হয়। তিনটি ট্রলারে করে তারা সেখানে নেমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

এ সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কর্মীরা তাদের মারধর করে, কানে ধরে ওঠবস করায় এবং তাদের জুতাপেটা করার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

শনিবার দুপুরে আটকদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।