মেঘনা নদীতে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৩৭ কিশোর-যুবক
এক ছাত্রদল কর্মী তাদের কান ধরে উঠবস করান বলে অভিযোগ উঠেছে, যার ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।
মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বালুর বাল্কহেডে উঠে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৩৭ কিশোর-যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকালে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. তসলিম উদ্দিন।
আটকদের বয়স ১৬ থেকে ১৯ বছরের মধ্যে।
স্থানীয়রা জানান, কয়েকজন কিশোর-যুবক মেঘনা নদীতে একটি বালুর বাল্কহেডে উঠে স্লোগান দিচ্ছিলেন। খবর পেয়ে নৌ-পুলিশ তাদের ধাওয়া করে। পরে তারা নদীর পাড়ে চর কিশোরগঞ্জে নামলে সেখান থেকে তাদের আটক করা হয়।
এদিকে, আটকের পর তাদের কান ধরে উঠবস করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় এক ছাত্রদল কর্মী নেহাল তাদের উঠবস করান বলে অভিযোগ উঠেছে। ভিডিওতে রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কয়েকজনকে কান ধরে উঠবস করতে দেখা যায়। এ সময় সবুজ পাঞ্জাবি পরা এক যুবক তাদের দেখভাল করছিলেন।
ওসি মো. তসলিম উদ্দিন বলেন, আটক ৩৭ জন পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের মধ্যে অনেকেই কম বয়সী। তারা এ ঘটনার সঙ্গে জড়িত কি না, তা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
