শেরপুরে মধ্যরাতে অটোরিকশায় যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৫
বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
শেরপুরে সদর উপজেলার ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার গাজীর খামার বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- আব্বাস আলীর ছেলে মোজাফফর আলী, শিপন মিয়ার ছেলে রমজান, সাইফুল ইসলামের ছেলে সাগর, বাচ্চু মিয়ার ছেলে রাকিবুল ইসলাম এবং ফকির মাহমুদের ছেলে আবদুর রহমান। তারা উপজেলার গাজীর খামার উত্তরকান্দা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, রাতে পুলিশের বিশেষ অভিযান চলাকালে ওই পাঁচজন একটি অটোরিকশায় করে যাওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় রাস্তার পাশেই দাঁড়িয়ে থাকা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য বলে দাবি ওসি খোকন চন্দ্র ঘোষের।
