বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সাতমাথায় স্লোগান দেওয়া যুবককে ছবি দেখে শনাক্ত করে পুলিশ।
বগুড়ায় ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে গাবতলী উপজেলার কামারচট্র গ্রামে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন।
গ্রেপ্তার রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণ (২৬) ওই গ্রামের বাসিন্দা। তিনি গাবতলী উপজেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে বগুড়া শহরের সাতমাথা এলাকায় একজনকে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়। পরে তার ছবি দেখে রাদিয়াদকে শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
রাদিয়াদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র আইনের দুটি মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। বিস্ফোরকদ্রব্য আইনের দুটি মামলায় তাকে সন্দেহভাজন হিসেবে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় এর আগে গ্রেপ্তার হয়ে কারাগারেও ছিলেন রাদিয়াদ। তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও রয়েছে।
ওসি রাকিব হোসেন বলেন, আইনগত প্রক্রিয়া শেষে রাদিয়াদকে কারাগারে পাঠানো হবে।
