‘নেশার টাকার’ জন্য মাকে হত্যার পর গহনা বিক্রি, ছেলেসহ গ্রেপ্তার ৩
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রামকান্তপুর গ্রামে ঘরের একটি বাক্সের ভিতর থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘নেশার টাকা না পেয়ে’ বন্ধুকে সহায়তায় মাকে হত্যা ও গহনা বিক্রির অভিযোগে এক তরুণসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার রামকান্তপুর গ্রামে এ হত্যাকাণ্ডের একদিন পর মঙ্গলবার ঘরের একটি বাক্সের ভিতর থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উল্লাপাড়া থানার ওসি মেহেদী হাসান।
নিহত মতিফুল খাতুন উপজেলার রামকান্তপুর গ্রামের সরোয়ার সরকারের স্ত্রী।
গ্রেপ্তাররা হলেন, নিহতের ছেলে আশরাফ আলী (২১), ছেলের বন্ধু একই গ্রামের ময়েন সরকারের ছেলে মো. রাহিম (২১) ও গহনার ক্রেতা মৈত্র বড়হর গ্রামের আব্দুল ফকিরের ছেলে জলিল ফকির (৪০)।
ওসি মেহেদী হাসান বলেন, সোমবার কোনো এক সময় মতিফুল খাতুনকে গলায় কাপড় পেঁচিয়ে হত্যার পর মরদেহ ঘরের মধ্যে বড় একটি ট্রাংক জাতীয় বাক্সে লুকিয়ে রাখা হয়।
পরে মঙ্গলবার অন্য সদস্যরা বিষয়টি টের পেলে মরদেহ উদ্ধার এবং নিহতের ছেলে ও তার বন্ধুকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, গ্রেপ্তারের পর ছেলে জানায়, মূলত নেশার টাকার জন্যই বন্ধুকে সাথে নিয়ে মাকে হত্যা করেছেন তিনি। পরে মায়ের কানের দুলসহ দুটি স্বর্ণের গহনা তিনি বিক্রি করেছেন।
এরপর রাতেই স্বর্ণের ক্রেতা জলিল ফকিরকে গ্রেপ্তার করা হয়।
মেহেদী হাসান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে মামলা করেছেন।
গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
