৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

সৌদিতে আগুনে দগ্ধ পাঁচজনের লাশ নওগাঁয়, বাড়ি-বাড়ি শোকের মাতম

রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ৯ অগাস্ট ১৬ বাংলাদেশি মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 31 Oct 2026, 06:38 PM

Updated : 31 Oct 2026, 06:38 PM

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচজনের মরদেহ নওগাঁয় এসে পৌঁছেছে।

শনিবার সকালে তাদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে নওগাঁর উদ্দেশে রওনা হয়।

বিকাল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে মরদেহগুলো নওগাঁর নিজ নিজ গ্রামে এসে পৌঁছায়।

তারা হলেন- নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, একই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামাণিকের ছেলে মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।

বাদ আছর শহরের পার নওগাঁর নিহত শাহিনের মরদেহ স্থানীয় শুরছুলা স্কুলে নামাজে জানাযা শেষে বাইতুন নুর কবরস্থানে দাফন করা হয়েছে।

এ ছাড়া একই সময়ে আত্রাই উপজেলার ডুবাই গ্রামের হাসিবুল হাসান শুভর মরদেহ গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তবে এই উপজেলার মধ্য বোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রমাণিক, মাধবপুর গ্রামের সজিব ও সাধনগর গ্রামের সাগর আলীর মরদেহ রোববার সকাল ১০টায় দাফন করা হবে বলে জানিয়েছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিরুজ্জামান।

মরদেহগুলো গ্রামে পৌঁছানোর পর স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। প্রিয় মুখগুলোকে এক নজর দেখতে লাশবাহী অ্যাম্বুলেন্সের পাশে ভিড় করতে থাকেন নিহতের স্বজন এবং স্থানীয়রা।

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ৯ অগাস্ট ১৬ বাংলাদেশি মারা যান। এর মধ্যে ১২ জনের বাড়িই নওগাঁ জেলায়। ২৭ অগাস্ট নয়জনের মরদেহ দেশে আসে। শনিবার পৌঁছায় বাকি সাতজনের মরদেহ। এর মধ্যে পাঁচজনের বাড়ি নওগাঁয় এবং বাকি দুজনের বাড়ি নাটোরে।

নাটোরের দুজন হলেন- নলডাঙ্গা উপজেলার খাজুর গ্রামের রব্বানীর ছেলে সাব্বির হোসেন এবং দিঘীরপাড় গ্রামের জাকের আলীর ছেলে শামীম।

বৃহস্পতিবার রিয়াদের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মরদেহগুলো শনাক্তের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতটি মরদেহের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোকে সার্বিক সহযোগিতা করা হবে।