০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

পাবনা মানসিক হাসপাতালে এনএসআইয়ের অভিযান, ৪ ‘দালালকে’ সাজা

চক্রটি রোগীদের উন্নত চিকিৎসার আশ্বাস দিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 06:29 PM

Updated : 01 Nov 2026, 06:29 PM

পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য রোধে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআই ও জেলা প্রশাসন।

রোববার সকালে পরিচালিত এ অভিযান থেকে আটক চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম এস এম ফুয়াদ।

সাজা পাওয়ারা হলেন- সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বুদেরহাট গ্রামের শহিদুল মণ্ডলের ছেলে মো. ইদ্রিস আলী মণ্ডল (২৫), কিসমত প্রতাপপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে মো. সুজন আলী (২৮), হেমায়েতপুর গ্রামের তৈয়েব আলীর ছেলে মো. জাকির হোসেন (৩০) এবং একই এলাকার চাঁদ আলীর ছেলে মো. মাসুদ রানা (২৬)।

ভ্রাম্যমাণ আদালত থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র মানসিক হাসপাতালে দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের নানাভাবে জিম্মি করে প্রতারণা করে আসছিল।

চক্রটি হাসপাতালের সরকারি সেবা নিশ্চিত করার প্রলোভন দেখিয়ে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করত। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এনএসআইয়ের পাবনা কার্যালয়ের একটি বিশেষ দল এবং পুলিশের সহযোগিতায় হাসপাতালে অভিযান চালায়।

এ সময় আটক চার দালালকে দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানিয়েছেন এনএসআই পাবনা কার্যালয়ের উপ-পরিচালক এ বি এম লুৎফুল কবির।

তিনি বলেন, মানসিক হাসপাতালের মতো একটি সংবেদনশীল সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে দালালদের দৌরাত্ম্য শূন্যের কোঠায় নামিয়ে আনতে এনএসআই ও জেলা প্রশাসনের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং চিকিৎসাসেবা দালালমুক্ত রাখতে এই ধরনের পদক্ষেপে জনমনে স্বস্তি ফিরেছে।