পাবনা মানসিক হাসপাতালে অভিযান, ৫ জনকে কারাদণ্ড
রোগী ভাগিয়ে নেওয়া ও অর্থ আদায়ের অভিযোগে বাকি একজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য ও রোগীদের হয়রানির বিরুদ্ধে অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে পাঁচজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয় বলে এনএসআই পাবনা কার্যালয়ের উপ-পরিচালক এ বি এম লুৎফুল কবির জানিয়েছেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- পাবনা সদর উপজেলার হেমায়েতপুর বুদেরহাট এলাকার হাবিল মণ্ডল (৬৫), কিসমতপ্রতাপপুর এলাকার বিপুল (৪২) ও সুজন আলী (৪২) এবং হেমায়েতপুর এলাকার জুয়েল রানা (৩২) ও ওয়ারেস (৪০)।
এ ছাড়া চক্রের আরেক সদস্য হেমায়েতপুর এলাকার হাফিজুর রহমান মাহফুজের (৪০) বিরুদ্ধে পাবনা সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
এনএসআই কর্মকর্তা লুৎফুল কবির বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র দূর-দূরান্ত থেকে আসা মানসিক রোগীদের বিভ্রান্ত করে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভাগিয়ে নিয়ে যেত এবং জিম্মি করে অনৈতিকভাবে অর্থ আদায় করত।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এনএসআই ও পুলিশ হাসপাতালে আকস্মিক অভিযান চালিয়ে হাতেনাতে ছয়জনকে আটক করে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক পাঁচজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপরাধের মাত্রা বেশি থাকায় হাফিজুর রহমান মাহফুজের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়।
