৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

রিয়াদে অগ্নিকাণ্ড: বাকি ৭ জনের মরদেহ দেশে আসছে শনিবার

ডিএনএ পরীক্ষার মাধ্যমে এ সাতজনের পরিচয় নিশ্চিত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Oct 2026, 04:50 PM

Updated : 30 Oct 2026, 04:58 PM

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ দেশে আনা হচ্ছে।

আগামী শনিবার সকাল ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-৩৩৬) এসব মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাতে শুক্রবার এসব তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

গত ৯ অগাস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ঘটনাস্থলেই ১৬ বাংলাদেশি শ্রমিক প্রাণ হারান। তাদের মধ্যে ১৩ জনই নওগাঁর। বাকি তিনজনের দুজন নাটোরের নলডাঙ্গা উপজেলার, অপরজন রাজশাহীর বাগমারার।

তাদের মধ্যে নয়জনের মরদেহ ২৭ অগাস্ট দেশে পাঠানো হয়। তবে আগুনে বেশি পুড়ে যাওয়ায় বাকি সাতজনের মরদেহ তখন শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে এ সাতজনের পরিচয় নিশ্চিত করা হয়।

দূতাবাস জানিয়েছে, গত ১০ অক্টোবর থেকে রিয়াদ থেকে সব ধরনের ফ্লাইট সাময়িক স্থগিত থাকায় মরদেহগুলো প্রথমে সড়কপথে জেদ্দায় নেওয়া হয়। সেখান থেকে বাদশাহ আবদুল আজিজ বিমানবন্দর হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশে পাঠানো হচ্ছে।

যাদের মরদেহ আসছে, তারা হলেন—নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, একই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামাণিকের ছেলে মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব, সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী এবং নাটোরের নলডাঙ্গার দিঘীরপাড় গ্রামের জাকের আলীর ছেলে মোহাম্মদ শামীম ও খাজুরা গ্রামের রাব্বানির ছেলে সাব্বির হোসেন।

মরদেহগুলো বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের স্বজন ও প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

আত্রাইয়ের ইউএনও মনিরুজ্জামান বলেন, মরদেহগুলো শনিবার বিকাল অথবা সন্ধ্যার দিকে বাড়িতে পৌঁছাতে পারে।

পুরনো খবর:

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ বাড়ির পথে
সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশি নিহত: ৯ জনের লাশ আসছে বৃহস্পতিবার
সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের ১৬ জনই বাংলাদেশি