Published : 26 Aug 2026, 08:11 PM
সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে নয়জনের লাশ দেশে আসছে বৃহস্পতিবার। এর মধ্যে সাতজনের মৃতদেহ যাবে নওগাঁর আত্রাইয়ে।
অপর দুই মৃতদেহের একটি নাটোরের নলডাঙ্গা এবং আরেকটি রাজশাহীর বাগমারা উপজেলায় যাবে বলে জানা গেছে।
মঙ্গলবার রিয়াদে বাংলাদেশ দুতাবাসের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ রেজায়ে রাব্বী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ৯ অগাস্ট অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন। সৌদি আরব কর্তৃপক্ষ আঙুলের ছাপ পরীক্ষা করে নয়জনের লাশ শনাক্ত করেন। মৃতদেহগুলো বাংলাদেশে পাঠানোর আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪০ নম্বর ফ্লাইটযোগে নয়জনের মৃতদেহ বৃহস্পতিবার বিকাল ৪টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
সৌদি দূতাবাসের তালিকায় শনাক্ত হওয়া নওগাঁর আত্রাইয়ের সাতজন হলেন- উপজেলার গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রমানিক, একই গ্রামের গুফফার প্রমানিকের ছেলে মোহন আলী ও সুমন আলী এবং বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, উদনপৈ গ্রামের ময়েন উদ্দিনের ছেলে ফরিদ উদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা, মার্কাসুন্দা গ্রামে গ্রামের তমেজউদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল।
এ ছাড়া ওই বিমানে নাটোরের নলডাঙা থানার মহিষডাঙা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রাম গ্রামের কলিমুদ্দিন মাঝির ছেলে শ্যামল উদ্দিন মাঝির লাশ পাঠানো হচ্ছে।
রিয়াদের সেই অগ্নিকাণ্ডে শুরুতে আত্রাইয়ের ১৩ জন নিহতের খবর পাওয়া গেলেও সবশেষ ১১ জনের পরিচয় নিশ্চিত হয়েছে প্রশাসন।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিরুজ্জামান বলেন, “প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে। যেন বিনা খরচে মৃতদেহগুলো আসতে পারে।”
নওগাঁ জেলা প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ ডিগ্রি কলেজ মাঠে সাতজনের মৃতদেহ একস্থানে রেখে জানাজার উদ্যোগ নেওয়া হয়েছে। নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে একত্র জানাজার পরিকল্পনা নেওয়া হয়েছে।
জানাজা শেষে মৃতদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
আরও পড়ুন
সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের ১৬ জনই বাংলাদেশি
সৌদিতে ১৬ বাংলাদেশি নিহত: শোকস্তব্ধ গন্ডগোহালী, চারজনের স্বপ্ন পুড়ল আগুনে