হেলিকপ্টারে গ্রামে এল সেনাসদস্য তিতাসের লাশ, পারিবারিক কবরস্থানে দাফন
সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
হেলিকপ্টারে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে কক্সবাজারের টেকনাফে গুলিতে নিহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃতদেহ।
শুক্রবার বিকাল ৪টা ৪৫ মিনিটে উপজেলার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে মরদেহ নিয়ে অবতরণ করে সেনাবাহিনীর হেলিকপ্টার। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
এরপর লাশ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ির আতিকুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে। সেখানে মাগরিবের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
২৮ বছর বয়সি তিতাস উপজেলার লস্করদিয়া গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার টেকনাফের গহীন পাহাড়ে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চালানোর সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন তিতাস। পরে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিতাসের মৃত্যুতে লস্করদিয়ায় গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। সন্তান হারিয়ে বাকরুদ্ধ মা, স্বামী হারিয়ে দিশেহারা স্ত্রীসহ স্বজনদের কান্না ও আহাজারিতে ভারি হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ।
