যুদ্ধের বাইরেও মায়া সভ্যতার পতনে ছিল পারদ দূষণের চাপ
মায়া সভ্যতার মানুষেরা রক্ত, জীবন ও আত্মার প্রতীক হিসেবে ম্যুরাল, মন্দির নির্মাণে রঞ্জক পদার্থ এবং বিভিন্ন ধর্মীয় ও অন্ত্যেষ্টিক্রিয়ায় পারদ ব্যবহার করতেন।
প্রাচীন মায়া সভ্যতায় পবিত্র লাল রঙের খনিজ সিনাবার বা হিঙ্গুল ব্যবহারের ফলে তৈরি পারদ দূষণ এতদিন যতটা ভাবা হয়েছিল তার চেয়েও বেশি বিস্তৃত ছিল বলে উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।
নতুন গবেষণা বলছে, মাটি ও জলাশয়ে মিশে যাওয়া এই পারদ কেবল পরিবেশই দূষিত করেনি, বরং বহু জলজ প্রাণীর মৃত্যুর কারণও হয়ে দাঁড়িয়েছিল।
রয়টার্স লিখেছে, মায়া সভ্যতার মানুষেরা রক্ত, জীবন ও আত্মার প্রতীক হিসেবে খনিজটি ম্যুরাল, মন্দির নির্মাণে রঞ্জক পদার্থ এবং বিভিন্ন ধর্মীয় ও অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্যবহার করত। তবে তারা জানত না যে সিনাবারের মূল উপাদানই হল বিষাক্ত পারদ।
এর আগে, গুয়াতেমালার তিকালের মতো কিছু প্রাচীন মায়ার শহরে পারদের দীর্ঘস্থায়ী দূষণের বিষয়টি গবেষকদের নজরে এসেছিল।
সর্বশেষ গবেষণায় মেক্সিকোর ইউকাতান উপদ্বীপের দুটি প্রাচীন মায়া শহর কোবা ও ইশ্চাচের হ্রদের তলদেশ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করা হয়।
পরীক্ষার ফলাফলে দেখা গেছে, মায়া সভ্যতার স্বর্ণযুগ বা ধ্রুপদী যুগের সূচনালগ্নে কোবা শহরে প্রায় ২৫০ খ্রিস্টাব্দ থেকে শুরু করে প্রায় ১৫০ বছর ধরে সেখানে পারদের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়েছিল।
ইশ্চাচ শহরে ধ্রুপদী যুগের ঠিক আগে প্রায় ১২৫ থেকে ২০০ খ্রিস্টাব্দে প্রথম দফায় পারদের স্পাইক দেখা যায়।
এরপর কোবার সঙ্গে সামঞ্জস্য রেখে দ্বিতীয় দফায় ও পরবর্তীতে প্রায় ৫৩৫ থেকে ৮২০ খ্রিস্টাব্দ পর্যন্ত তৃতীয় দফায় পারদের উচ্চ মাত্রা রেকর্ড করা হয়, যা ধ্রুপদী যুগের শেষ পর্যন্ত ছিল।
এই গবেষণার মাধ্যমে মায়া সভ্যতার উত্তরাঞ্চলীয় নিচুভূমির এমন এক এলাকায় পারদ দূষণের নতুন তথ্য সামনে এসেছে, যেখানে এর আগে পারদের উপস্থিতি কম পাওয়া গিয়েছিল।
এই অঞ্চলে প্রাচীন মায়া আমলের ইতিহাসের সর্বোচ্চ পারদের ঘনত্বের রেকর্ডও মিলেছে।
ধ্রুপদী যুগের শেষ দিকে মায়ার প্রধান শহরগুলো ধংস হয়ে পরিত্যক্ত হয়ে পড়েছিল। জলবায়ু পরিবর্তন ও যুদ্ধবিগ্রহসহ এই বিপর্যয়ের পেছনে নানা অনুমান রয়েছে।
নতুন এই গবেষণা পারদ বিষক্রিয়াকে এই পতনের পেছনে আরেকটি সম্ভাব্য কারণ হিসেবে জোরালোভাবে সামনে এনেছে বলে দাবি গবেষেকদের।
গবেষণার প্রধান লেখক, ‘অ্যাবর্ন ইউনিভার্সিটি’র পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ও প্যালিওলিমনোলজিস্ট ম্যাট ওয়াটার্স বলেছেন, “আমাদের গবেষণায় ইঙ্গিত মিলেছে, কোবা ও ইশ্চাচের আশপাশে শতাব্দীর পর শতাব্দী ধরে আধুনিক বিষবিদ্যা ও দূষণ নিয়ন্ত্রণের মাত্রাকে বহু গুণে ছাড়িয়ে গিয়েছিল পারদের বিষাক্ততা।
“আমরা পলিথিন স্তরে ব্যাকটেরিয়া, শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া, খোলসওয়ালা প্রাণী ও পোকামাকড়ের লার্ভার মতো একাধিক জৈবিক পরীক্ষা করে দেখেছি, এগুলো বিভিন্ন হ্রদ থেকে কমেছে। যার মানে, পারদ খাদ্য শৃঙ্খলের একাধিক স্তরে প্রবেশ করেছিল।”
মায়া সভ্যতার পতন
মানবদেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক, কিডনি, ফুসফুস ও হৃদপিণ্ডের জন্য পারদ ক্ষতিকর। গবেষকরা বলছেন, প্রাচীন মায়া সভ্যতার মানুষেরাও এই পারদের বিষক্রিয়ার শিকার হতে পারেন।
গবেষণার সহ-লেখক ও ‘জর্জিয়ার জোন্স সেন্টার ইচাউওয়ে’-এর পোস্টডক্টরাল গবেষক সাভানা উতেন বলেছেন, “পলিথিন নমুনায় সরাসরি মানুষের ওপর এর প্রভাব আমরা দেখাইনি।
“তবে খাদ্যাভ্যাসের এই স্তরবিন্যাসে ইঙ্গিত মেলে, মায়ার মানুষেরা সম্ভবত দূষিত পানি বা মাছ খাওয়ার মাধ্যমে পারদের সংস্পর্শে এসেছিলেন।”
তবে এই গবেষণা সরাসরি মায়ার ধ্রুপদী যুগের পতনের জন্য পারদকে এককভাবে দায়ী করছে না।
উতেন বলেছেন, “এই গবেষণা মায়া সভ্যতার পতনের সঙ্গে পারদকে সরাসরি যোগ করার ক্ষেত্রে খুব বেশি ভূমিকা রাখে না। তবে এটা এমন এক অতিরিক্ত চাপ হিসেবে কাজ করে, যা ধ্রুপদী যুগে পরিবেশ ও জলবায়ুগত অন্যান্য চাপের সঙ্গেই ছিল।”
মেক্সিকোর ইউকাতান অঞ্চলে অবস্থিত কোবা এমন এক পরিচিত প্রত্নতাত্ত্বিক সাইট, যেখানে অনেক পর্যটক যাতায়াত করেন।
ধ্রুপদী যুগে এই অঞ্চলের জনসংখ্যা আনুমানিক ৬০ থেকে ৯০ হাজারের মধ্যে ছিল এবং এখানে ইউকাতানের অন্যতম দীর্ঘ প্রাচীন পিরামিড রয়েছে।
অন্যদিকে, ইশ্চাচ তুলনামূলক কম পরিচিত সাইট, যা বেসরকারি জমিতে অবস্থিত এবং সেখানে বেশ কিছু পিরামিড ও স্থাপনা থাকলেও খুব বেশি প্রত্নতাত্ত্বিক কাজ হয়নি।
গবেষকরা বলছেন, সিনাবার প্রাকৃতিকভাবে উৎপন্ন পারদ সালফাইড খনিজ। কোবা ও ইশ্চাচের মতো যেসব এলাকায় এটা প্রাকৃতিকভাবে পাওয়া যেত না, সেখানে এটা প্রধান বাণিজ্যিক পণ্য হিসেবে আমদানি হয়ে থাকতে পারে।
প্রাক-কলম্বিয়ান যুগে মেক্সিকো ছাড়াও গুয়াতেমালা, বেলিজ, হন্ডুরাস ও এল সালভাদরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মায়ারা সভ্যতা গড়ে তুলেছিল।
প্রকাণ্ড সব স্থাপনা নির্মাণ, শিল্পকলা সৃষ্টি, জ্যোতির্বিদ্যা ও গণিতে উন্নত জ্ঞান অর্জন, নিখুঁত ক্যালেন্ডার ও জটিল লিপি ব্যবস্থার প্রবর্তনের মাধ্যমে তারা অনন্য উচ্চতায় পৌঁছেছিল।
গবেষণার প্রধান লেখক ম্যাট ওয়াটার্স বলেঠেন, “একটি সংস্কৃতি হিসেবে তাদের দীর্ঘায়ু, বিজ্ঞান, নির্মাণ ও শিল্পকলায় তাদের বিকাশ ছিল ব্যাপক ও চমৎকার।
“সিনাবার সম্ভবত এমন এক ধরনের রঞ্জক ছিল, যা সেকালের মানুষদের জীবন ও সংস্কৃতির সৌন্দর্যকে আরও বাড়িয়েছিল।”
