নাচের ছন্দে ধ্রুপদী নৃত্যনাট্য ‘শকুন্তলা’
“এই আয়োজনের মধ্য দিয়ে আমরাও হারিয়ে যেতে বসা শিল্প, সংস্কৃতি এবং জীবনবোধ ফিরিয়ে আনতে চাই।"
প্রাচীন মহাকাব্যের আখ্যান নিয়ে ধ্রুপদী নৃত্যনাট্য ‘শকুন্তলা’ প্রদর্শিত হল মঞ্চে।
গুলশান লেক পার্কে গুলশান সোসাইটির উদ্যোগে শনিবার সন্ধ্যায় এই নৃত্যনাট্যের আয়োজন করা হয়।
মহাকবি কালিদাসের সংস্কৃত নাটক 'অভিজ্ঞানশকুন্তলম্' অবলম্বনে তৈরি এই নৃত্যনাট্যটি পরিবেশন করে নৃত্যদল ‘ভাবনা’।
পরিচালনা করেছেন সামিনা হোসেন প্রেমা।
মহাভারতের গল্পে তপোবনে বেড়ে ওঠা আশ্রমকন্যা শকুন্তলা ও রাজা দুষ্মন্তের প্রেম, অভিশাপজনিত স্মৃতিভ্রম, বিরহ এবং আংটি উদ্ধারের মাধ্যমে চূড়ান্ত পুনর্মিলনের রোমাঞ্চকর উপাখ্যান নাচের ছন্দে তুলে ধরেন শিল্পীরা।
আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, "ইট-পাথরের এই শহরে আমরা যানজট, ময়লা-আবর্জনা ও গাড়ির হর্নের শব্দ শুনতেই অভ্যস্ত। কিন্তু এর বাইরেও মানুষের মনে যে প্রেম-ভালোবাসা ও শিল্পসত্তা রয়েছে, তা চর্চার সময় ও পরিবেশ খুব একটা পাওয়া যায় না।"
তিনি বলেন, "শকুন্তলা যেমন হারিয়ে যাওয়া আংটি খুঁজে পাওয়ার পর তার ভালোবাসা ফিরে পেয়েছিল, ঠিক তেমনি এই আয়োজনের মধ্য দিয়ে আমরাও হারিয়ে যেতে বসা শিল্প, সংস্কৃতি এবং জীবনবোধ ফিরিয়ে আনতে চাই।"
