২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাম: আরও ২ জনের মৃত্যু

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ৩৪৩ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 07:09 PM

Updated : 21 Nov 2026, 07:09 PM

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে; এসময় হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ৯২৫ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ৩৪৩ জনে। এর মধ্যে হামে মারা গেছেন ১০৫ জন।

অপরদিকে মার্চের মাঝামাঝি থেকে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে মোট ২ লাখ ৮১ হাজার ৪৮৪ জনের শরীরে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৬০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা বিভাগে ও আরেকজন খুলনা বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন।

এই সময়ে ঢাকা বিভাগে হামের উপসর্গ ও হাম শনাক্ত হয়েছে ৪১২ জন, সিলেট বিভাগে ১২৬ জন, চট্টগ্রামে ১৫৭ জন, রংপুরে ২০ জন। অপরদিকে ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গ শনাক্ত হয়েছে ৫৬ জনের, রাজশাহীতে ১১ জন, বরিশালে ৮৩ জন ও খুলনায় শনাক্ত হয়েছে ৬০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখে। যদিও হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।