১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৯৫ জনের মৃত্যু হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 06:37 PM

Updated : 11 Nov 2026, 06:37 PM

দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ছয় জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৯৫ জনের মৃত্যু হল।

এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৯০ জন। এছাড়া নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল, এরকম আরও ১০৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন, ময়মনসিংহ বিভাগে দুইজন, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছে।

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৩৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০৮ জন, চট্টগ্রামে ১১৯, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯২, বরিশালে ৭০, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ৩৫১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৬ জন। যার মধ্যে ঢাকা বিভাগে ৪৫২ জন, চট্টগ্রামে ২৫৬, সিলেটে ১৬৪, বরিশালে ১০৬, খুলনায় ১০৮, ময়মনসিংহে ১০৭, রংপুরে ৪০ ও রাজশাহীতে ৩৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২ লাখ ৭ হাজার ৯০৩ জন।

বুলেটিন অনুসারে চলতি বছর হাম উপসর্গে রোগীর সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৯০৭ জন। যার মধ্যে ২৪ হাজার ৭২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখে। যদিও হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।