হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় একজন করে মারা গেছেন।
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় একজন করে মারা গেছেন।
সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬১ জনের মৃত্যু হল। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৫৬ জন। বাকি ১০৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৬৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২২৫ জন, চট্টগ্রামে ১২৯, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯৫, বরিশালে ৭১, খুলনায় ৬২ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ২৮৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২০৮ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৪৫৬ জন, চট্টগ্রামে ১৮৩, সিলেটে ১৬৪, বরিশালে ১৩৮, খুলনায় ১০৭, ময়মনসিংহে ৮৭, রংপুরে ৩৩ ও রাজশাহীতে ৪০ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২ লাখ ২৩ হাজার ১৫৮ জন।
বুলেটিন অনুসারে, চলতি বছর হাম উপসর্গে রোগীর সংখ্যা ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন। যার মধ্যে ২৬ হাজার ৩০০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখে। যদিও হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।
