জামালপুরে ওয়াজ মাহফিল থেকে শিশুকে অপহরণ, ইমাম গ্রেপ্তার
শিশুটিকে ১৫ দিন আটকে রেখে তার বাবার কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে।
জামালপুরের মেলান্দহ উপজেলায় ওয়াজ মাহফিল থেকে ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে অপহরণের অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিশুটিকে ১৫ দিন আটকে রেখে তার বাবার কাছ থেকে মুক্তিপণ নেওয়ার অভিযোগ রয়েছে ওই ইমামের বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে ইমামকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক।
গ্রেপ্তার আবু রায়হান (২৭) জামালপুর সদর উপজেলার পাথালিয়া এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি সরিষাবাড়ী উপজেলার চর হেলেঞ্চাবাড়ী এলাকার একটি মসজিদে ইমামতি করতেন।
পুলিশ জানায়, ৭ নভেম্বর রাতে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশে মেলান্দহ জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিল হয়। সেখানে যায় শিশুটি। মাহফিল শেষে তার এলাকার অন্যরা বাড়ি ফিরলেও সে ফেরেনি।
অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন থানায় জিডি করেন তার বাবা নুরনবী ইসলাম।
ওসি বলেন, লাইট কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে মাহফিল থেকে বাইরে নিয়ে যান আবু রায়হান। পরে সরিষাবাড়ী উপজেলার চর হেলেঞ্চাবাড়ী এলাকার একটি মসজিদে তাকে আটকে রাখেন। শিশুটিকে ছেড়ে দেওয়ার জন্য প্রথমে তার বাবার কাছে দুই লাখ টাকা চান তিনি। পরে দর-কষাকষির পর ৪৫ হাজার টাকা দিতে রাজি হন শিশুটির বাবা।
১৯ নভেম্বর বিকাশে দুই দফায় ২৫ হাজার ও ২০ হাজার টাকা পাঠান নুরনবী। টাকা পাওয়ার পরও শিশুটিকে ছেড়ে দেওয়া হয়নি। বরং তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরে শনিবার ভোর ৪টার দিকে শিশুটিকে জামালপুর রেলওয়ে স্টেশনে রেখে তার বাবাকে ফোন করেন আবু রায়হান। খবর পেয়ে সেখান থেকে শিশুটিকে বাড়িতে নিয়ে যান তার বাবা।
শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার বিকালে সরিষাবাড়ীর চর হেলেঞ্চাবাড়ী এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় আবু রায়হানকে আটক করেন তার স্বজনেরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা মেলান্দহ থানায় অপহরণ মামলা করেছেন।
ওসি এটিএম মাহমুদুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু রায়হান ঘটনার দায় স্বীকার করেছেন। তার বিরুদ্ধে চলতি বছর ঢাকার বাড্ডা থানায়ও একটি অপহরণ মামলা রয়েছে।
