২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় স্ত্রীকে ‘মৃত’ বানিয়ে ১৪ মাসের সন্তানকে বিক্রি, উদ্ধার করল পুলিশ

শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 05:04 PM

Updated : 29 Oct 2026, 06:12 PM

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নোটারি পাবলিকের মাধ্যমে জীবিত স্ত্রীকে মৃত বানিয়ে বিক্রি করে দেওয়া ১৪ মাস বয়সী এক মেয়ে শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম জানান, বুধবার রাতে পাশের সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পূর্ব খামার দশলিয়া গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশু সুন্দরগঞ্জ উপজেলার চরিতাবাড়ী এলাকার আজাহার আলী ও খালেদা বেগম দম্পতির সন্তান।

পুলিশ ও স্বজনরা জানান, চার মাস আগে খালেদা বেগম ও আজাহার আলীর বিবাহ বিচ্ছেদ হয়। এরপর জীবিকার তাগিদে মেয়েকে সুন্দরগঞ্জে বোনের কাছে রেখে ঢাকার একটি পোশাক কারখানায় কাজে যোগ দেন খালেদা।

ওসি এ কে এম হাবিবুল ইসলাম বলেন, “আজাহার আলী জুয়া ও মাদকে আসক্ত। মায়ের অনুপস্থিতির সুযোগে গত ১ অক্টোবর তিনি বিস্কুট কিনে দেওয়ার কথা বলে খালার কাছ থেকে ১৪ মাসের শিশুটিকে নিয়ে যান। এরপর আর ফেরত নিয়ে আসেননি। পরে তিনি শিশুটিকে বিক্রি করে দেন।    

 “এরপর গত ২৭ অক্টোবর খালেদা বেগম শিশুটিকে উদ্ধারের জন্য আইনি সহায়তা চেয়ে সুন্দরগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। পরদিন অভিযান চালিয়ে রুহুল আমিন নামের একজনের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।”  

শিশুটিকে তার মায়ের নিকট হস্তান্তর করা হয়েছে জানিয়ে তিনি বলেন. শিশুটিকে যারা কিনে নিয়েছিলে, তারা উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয় নাই।

এ পুলিশ কর্মকর্তা বলছেন, “জাহার আলী জুয়া ও মাদকের টাকা জোগার করতে শিশুটিকে বিক্রি করেছিল বলে ধারণা করা হচ্ছে। এজন্য নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে শিশুটির মা খালেদা বেগমকে মৃত দেখান।”