১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ের দুই স্থান থেকে দুই নারীর মরদেহ

দুই ঘটনাই প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 05:28 PM

Updated : 17 Nov 2026, 05:28 PM

রাজধানীর খিলগাঁওয়ের দুটি এলাকা থেকে এক গৃহবধূসহ দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে নন্দীপাড়া ও সিপাহীবাগ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতদের একজন ফাতেমা আক্তার (২০)। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর গোপালপুর গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে। খিলগাঁওয়ের নন্দীপাড়া নেওয়াজবাগের ১৩ নম্বর সড়ক লাগোয় কোবা মসজিদ রোডের একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে থাকতেন তিনি।

খিলগাঁও থানার এসআই এরশাদ আলী জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ওই বাসার একটি কক্ষ থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করেন তারা।

তিনি বলেন, “আমরা খবর পেয়ে গতকাল রাতে ওই বাসার কক্ষের মেঝেতে শোয়ানো এবং চাদর দিয়ে ঢাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করি।”

পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রথমে পরিবারের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়নি। পরে বাড়ির মালিকের পরামর্শে তারা পুলিশকে বিষয়টি জানান।

পরিবারের সদস্যদের বরাতে এসআই এরশাদ আলী বলেন, বিয়ের আগে এক ছেলের সঙ্গে ফাতেমার প্রেমের সম্পর্ক ছিল। প্রায় ছয় মাস আগে তার অমতে রাকিব মিয়ার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। এসব বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে ফাতেমা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

অন্যদিকে সোমবার রাত সাড়ে ৯টার দিকে খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকার একটি বাসার পাঁচতলা থেকে শামসুন্নাহার বেগম (৫৮) নামে আরেক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

শামসুন্নাহার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার দক্ষিণ বাশুড়িয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার স্ত্রী। দুই মেয়ে ও এক ছেলের জননী ছিলেন তিনি।

খিলগাঁও থানার এসআই কাজী আবু জুবাইর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, স্বামীর মৃত্যুর পর থেকে শামসুন্নাহার মানসিক সমস্যায় ভুগছিলেন। এ জন্য তার চিকিৎসাও চলছিল। পরিবারের দাবি, মানসিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন।