বাড্ডায় নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিহত বিল্লালের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দড়ি হরিহরনগরে।
ঢাকার বাড্ডা এলাকা থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করার তথ্য দিয়েছে পুলিশ।
এম এম বিল্লাল হুসেন (৩৭) নামে ওই ব্যক্তি নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে পশ্চিম মেরুল বাড্ডার একটি বাসায় তার লাশ পাওয়া যায়। তিনি ওই বাসার নিরাপত্তা প্রহরী ছিলেন।
বিল্লালের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী থানার দরি হরিহরনগর গ্রামে। তার বাবার নাম হাবিবুর রহমান। মাঝেমধ্যে তার স্ত্রী গ্রাম থেকে এসে ঢাকায় তার সঙ্গে থাকতেন।
বাড্ডা থানার এসআই আরাফাত হোসেইন বলেন, “সম্প্রতি তার স্ত্রী ছেলে-মেয়েসহ গ্রাম থেকে ঢাকা আসেন এবং আজকে তারা গ্রামেও চলে যান। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, স্ত্রীর সঙ্গে অভিমান ও জুয়ার কারণে ঋণে পড়ার চাপ থেকে তিনি আত্মহত্যা করেছেন।”
তিনি বলেন, বিকালে ওই বাসার একটি পরিত্যক্ত রান্নাঘরে ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলে ছিল। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
