হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩৫
এ পর্যন্ত হামে প্রাণ হারিয়েছে মোট ১ হাজার ৩৩৬ জন।
দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যুর হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৩৬ জনের মৃত্যু হল।
সরকারি হিসাব অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৩১ জন। এছাড়া নিশ্চিতভাবে হাম নিয়ে মারা গেছে ১০৫ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ চার জনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৫৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২১৯ জন, চট্টগ্রামে ১২৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯৪, বরিশালে ৭০, খুলনায় ৫৯ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ২৩৫ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে।
এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৩০ জন। এর মধ্যে আছে ঢাকা বিভাগে ৪১০, চট্টগ্রামে ২১১, সিলেটে ১৫৭, বরিশালে ১২৭, খুলনায় ১১৩, ময়মনসিংহে ৭৩, রংপুরে ১১ ও রাজশাহীতে ২৮ জন।
এছাড়া গেল ২৪ ঘণ্টায় ৯৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৬ হাজার ৪৬৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন।
আর হাম উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জন। তাদের মধ্যে ২৫ হাজার ৮৮১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখে। যদিও হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।
