মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতে ১১ নির্দেশনা
কর্মীদের হয়রানি বন্ধ এবং মেডিকেল পরীক্ষা কার্যক্রমকে আন্তর্জাতিক মানদণ্ডে ও নির্ভরযোগ্য করে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা আনতে মেডিকেল সেন্টারগুলোর জন্য ১১ দফা নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ দিন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এফডব্লিউসিএমএসভুক্ত (ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম) মেডিকেল সেন্টারগুলোর জন্য এ নির্দেশনা জারির বিষয়ে কথা বলেন।
তিনি বলেন, “কর্মীদের হয়রানি বন্ধ এবং মেডিকেল পরীক্ষা কার্যক্রমকে আন্তর্জাতিক মানদণ্ডে ও নির্ভরযোগ্য করে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
নির্দেশনাগুলো হল-
ডিমান্ড লেটারে উল্লেখিত কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিকেল স্লিপ ইস্যু করতে হবে। ডিমান্ড লেটারে উল্লেখিত সংখ্যার সর্বোচ্চ পাঁচ শতাংশ বেশি মেডিকেল স্লিপ ইস্যু করা যাবে। তবে কোনো অবস্থাতেই মেডিকেল সেন্টার নিজস্ব ইচ্ছায় বা অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে নির্ধারিত সীমার বাইরে মেডিকেল স্লিপ ইস্যু করতে পারবে না।
প্রতিটি মেডিকেল সেন্টারকে প্রতিদিন করা মেডিকেল পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত ও সংরক্ষণ এবং অনলাইনে পাঠাতে হবে।
প্রতিটি মেডিকেল সেন্টার কর্তৃক করা সব পরীক্ষার প্রতিবেদন সংশ্লিষ্ট তথ্যসহ অনলাইনে মন্ত্রণালয়ে দাখিল করতে হবে। এ ক্ষেত্রে মালয়েশিয়া গমনেচ্ছুক প্রার্থীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে।
মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা। নির্ধারিত ফির অতিরিক্ত কোনো অর্থ প্রার্থীর কাছ থেকে আদায় করা যাবে না।
একই কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে অপ্রয়োজনীয়ভাবে একাধিকবার মেডিকেল পরীক্ষা করানো যাবে না। কোনো অবস্থাতেই ভুয়া বা জাল মেডিকেল প্রতিবেদন তৈরি, প্রদান কিংবা ব্যবহার করা যাবে না। এ বিষয়ে মেডিকেল সেন্টারকে সর্বোচ্চ সতর্কতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশে মেডিকেল পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগপ্রাপ্ত হওয়া পর্যন্ত মেডিকেল পরীক্ষায় আনফিট ঘোষিত হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে ওই কর্মীর যাবতীয় ব্যয়ভার বহন করতে হবে। এ ক্ষেত্রে দেশে ফেরত পাঠানোসহ সংশ্লিষ্ট সব খরচ বহন করতে হবে সেই মেডিকেল সেন্টারকে।
প্রতিটি মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় সব আধুনিক মেডিকেল যন্ত্রপাতি, পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম ও পর্যাপ্ত চিকিৎসাসেবা সংক্রান্ত সুযোগ-সুবিধা থাকতে হবে। মেডিকেল পরীক্ষা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে করতে হবে ও পর্যাপ্ত সংখ্যক বসার ব্যবস্থা থাকতে হবে।
‘মাইগ্রাম’ নামে কোন অর্থ আদায় করা যাবে না।
কোন মেডিকেল সেন্টার শর্ত লঙ্ঘন করলে তাদের জামানত বাজেয়াপ্ত ও লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে মন্ত্রণালয় থেকে শক্তিশালী মনিটরিং টিম গঠন করে কঠোরভাবে বিষয়গুলো নজরদারি করা হবে।
প্রত্যেক মেডিকেল সেন্টার তার প্রবেশপথের সামনে দৃশ্যমানভাবে বড় আকারে এ বিষয়ে বিলবোর্ড স্থাপন করবে।
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
মালয়েশিয়ায় যেতে চাওয়া কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
