৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা

“কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না।”

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 31 Oct 2026, 03:54 PM

Updated : 31 Oct 2026, 03:54 PM

মালয়েশিয়ায় কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি আট হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এর বেশি অর্থ টাকা আদায় না করতে সতর্কও করেছে বলেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেডিকেল টেস্টের জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে যোগাযোগ না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ার জন্য নির্বাচিত কর্মী অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

মাইগ্রামস স্লিপের জন্য কোনো ফি লাগে না। কোনো এজেন্সি মেডিকেল স্লিপ করার পর কর্মী অন্য এজেন্সির মাধ্যমে পরীক্ষা করাতে চাইলে আগের এজেন্সিকে ‘দেরি না করে’ মেডিকেল রিপোর্ট পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এক্ষেত্রে স্লিপ প্রদানকারীর কোনো ওজর আপত্তি গ্রহণযোগ্য হবে না বলে জানিয়ে দিয়েছে মন্ত্রণালয়।

কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত টাকার বেশি দাবি করলে বা কোনো ধরনের হয়রানি বা তালবাহানা বা ঝামেলা করলে বিষয়টি সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়কে মেইলে (secretary@probashi.gov.bd) জানাতে বলা হয়েছে।

মন্ত্রণালয় বলছে, তারা নিয়মিত মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম মনিটর ও পরীক্ষা করবে। কোনো অনিয়ম বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধও জানিয়েছে মন্ত্রণালয়।

এর আগে গেল ১৫ অক্টোবর মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছিল সরকার।

সেদিন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া।

সেজন্য বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ।

এরপর গেল বুধবার এক বিজ্ঞপ্তিতে শনিবার থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মেডিকেল শুরু করার কথা জানিয়েছিল মন্ত্রণালয়। সেই অনুযায়ী শনিবার থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে।

পুরনো খবর:

মালয়েশিয়ায় যেতে চাওয়া কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু