মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
মালয়েশিয়ার কর্মী নিয়োগের প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএসে অনুমোদিত ৫১টি মেডিকেল সেন্টারে এই পরীক্ষা করানো যাবে।
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সোমবার থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ‘পূর্ণাঙ্গভাবে’ শুরু হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বরাত দিয়ে মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২৮ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু হওয়ার তথ্য দিয়েছিল মন্ত্রণালয়।
তাহলে নতুন করে সোমবার থেকে কী কারণে মেডিকেল পরীক্ষা শুরুর ঘোষণা দেওয়া হল, সে বিষয়ে কিছু স্পষ্ট করেনি মন্ত্রণালয়।
তবে, মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “এর আগে ঘোষণা দিলেও কী কারণে তা শুরু হয়নি তা স্পষ্ট নয়। তবে, আজ থেকে পূর্ণাঙ্গভাবে মেডিকেল পরীক্ষা শুরু হয়েছে। মালয়েশিয়ার কর্মী নিয়োগের প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএসে অনুমোদিত ৫১টি মেডিকেল সেন্টারে এই পরীক্ষা করানো যাবে।”
বাংলাদেশের অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোকে চূড়ান্তভাবে অনুমোদন দেয় মালয়েশিয়া সরকার। সেক্ষেত্রে, কোনো মেডিকেল সেন্টার তালিকা থেকে বাদ পড়লে সেখানে স্বাস্থ্য পরীক্ষা করানো কর্মীদের কী হবে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, “মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বিষয়টি নিয়ে কোনো ঝামেলা হবে না।”
এর আগে ২৮ অক্টোবর মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, নির্দেশনা পরিপালন ও সক্ষমতার ভিত্তিতে অনুমোদিত তালিকা থেকে কিছু মেডিকেল সেন্টার বাদ পড়তে বা নতুন করে যুক্ত হতে পারে। এবার মেডিকেল ফি নির্ধারণ করা হয়েছে আট হাজার টাকা।
এছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি মন্ত্রণালয়ের সরকারি নির্দেশনা ও অনুমোদন ছাড়া কর্মীদের মেডিকেল পরীক্ষা করতে বা করাতে পারবে না বলেও জানিয়েছিল মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সেদিন জানিয়েছিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কাগজপত্র এবং ভিডিআর ভিসার কাগজপত্র জমা দিতে হবে।
নির্দেশনা অমান্যকারী মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগের কার্যক্রম স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিল করা হতে পারে বলে সতর্ক করা হয়েছিল।
একইসঙ্গে অবৈধ বা অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা কিংবা এ ধরনের কার্যক্রমের তথ্য জানা থাকলে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রমাণসহ মন্ত্রণালয়কে জানানোর জন্য কর্মীদের অনুরোধ করেছিল মন্ত্রণালয় (ইমেইল-secretary@probashi.gov.bd)।
গত বৃহস্পতিবার মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দেয় সরকার।
এর অংশ হিসেবে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
এর প্রথম ধাপে দেশটির ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’ কোম্পানিতে ১১২ জন পুরুষ কর্মী নিয়োগের চূড়ান্ত বাছাই কার্যক্রম চলছে।
সেজন্য বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ।
